কক্সবাজারের ৩ উপজেলায় সাঈদী, রাজু ও তালেব চেয়ারম্যান নির্বাচিত

Upazila Parishad election
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার : ২২ মে ২০২৪ ০৭:৪৯ পূর্বাহ্ন সারা বাংলা
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার : ২২ মে ২০২৪ ০৭:৪৯ পূর্বাহ্ন
কক্সবাজারের ৩ উপজেলায় সাঈদী, রাজু ও তালেব চেয়ারম্যান নির্বাচিত
কক্সবাজারের ৩ উপজেলায় সাঈদী, রাজু ও তালেব চেয়ারম্যান নির্বাচিত

উপজেলা পরিষদ নির্বাচনে কক্সবাজারের চকরিয়ায় আওয়ামী লীগ নেতা ফজলুল করিম সাঈদী, পেকুয়ায় বিএনপি নেতা শাফায়েত আজিজ রাজু এবং ঈদগাঁওতে আওয়ামী লীগ নেতা আবু তালেব চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

গতকাল সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই ৩ উপজেলায় ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ চলে। নির্বাচন ঘিরে প্রতিটি ভোট কেন্দ্র নিরাপত্তার চাদরে ঢেকে দেয়া হয়। তবুও কয়েকটি জায়গায় কর্মীসমর্থকদের মধ্যে হামলা, পাল্টা হামলা, অবরোধ এবং ঈদগাঁওতে একজনের প্রাণহানিরও ঘটনা ঘটে। 

চকরিয়া : চকরিয়া উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক ফজলুল করিম সাঈদী পুনরায় বিপুল ভোটে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

উপজেলার ১১৪টি ভোট কেন্দ্রে ভোট গণনা শেষে চকরিয়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ফলাফল ঘোষণা করেন দায়িত্বপ্রাপ্ত সহকারী রিটার্নিং কর্মকর্তা ও চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফখরুল ইসলাম।

এসময় উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ ইরফান উদ্দিন, উপজেলা কৃষি অফিসার এসএম নাছিম হোসেন এবং নির্বাচনী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠিত চকরিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চারজন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করলেও ফলাফলে চেয়ারম্যান প্রার্থী ফজলুল করিম সাঈদী (দোয়াত কলম) প্রতীকে ৫৯ হাজার ৯৫৩ ভোট পেয়ে পুনরায় উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক এমপি জাফর আলম। তিনি ঘোড়া প্রতীকে পেয়েছেন ৫৮ হাজার ২৮২ ভোট।

ঘোষিত ফলাফলে জাহানারা পারভীন (হাস প্রতীক) মহিলা ভাইস চেয়ারম্যান ও বেলাল উদ্দিন শান্ত (তালা প্রতীক) চকরিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

পেকুয়া : পেকুয়া উপজেলায় বেসরকারিভাবে আবারও চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন দুইবারের সাবেক উপজেলা চেয়ারম্যান বিএনপি থেকে বহিষ্কৃত শাফায়েত আজিজ রাজু। তিনি ঘোড়া প্রতীক নিয়ে ২৩২৯৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী একমাত্র চেয়ারম্যান প্রার্থী রুমানা আকতার আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ১৬৫৩৪ ভোট।

পেকুয়া উপজেলা পরিষদ নির্বাচনে ৪৪টি ভোটকেন্দ্রে মোট ভোটার ১ লাখ ৩৫ হাজার ৩০০ জন। ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ শেষে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেছেন পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম জয়।

শাফায়েত আজিজ রাজু সাবেক দুইবারের উপজেলা চেয়ারম্যান এবং দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচন করায় বিএনপি থেকে বহিষ্কার হয়েছেন। প্রতিদ্বন্দ্বী রুমানা আকতার বর্তমান উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলমের স্ত্রী। মামলা জটিলতায় বর্তমান চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের মনোনয়নপত্র বাতিল হয়েছে। স্বামীর মান রক্ষায় প্রার্থী হয়েছিলেন তিনি।

ঈদগাঁও : নবগঠিত ঈদগাঁও উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ীরা হলেন চেয়ারম্যান পদে টেলিফোন প্রতীক নিয়ে মোঃ আবু তালেব, চশমা প্রতীক নিয়ে ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে আহমদ করিম সিকদার এবং কলসী প্রতীক নিয়ে মহিলা ভাইস চেয়ারম্যান কাউছার জাহান জেসমিন নির্বাচিত হয়েছেন।

চেয়ারম্যান পদে আবু তালেব (টেলিফোন) পেয়েছেন ১৬ হাজার ৬৭২ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বি মোটর সাইকেল প্রতীকের শামশুল আলম পেয়েছেন ১২ হাজার ৬৩৮ ভোট।

নির্বাচনে ৫ জন চেয়ারম্যান পদপ্রার্থী, ৩ জন ভাইস চেয়ারম্যান (পুরুষ) এবং ৫ জন নারী ভাইস চেয়ারম্যান পদে (মহিলা) প্রতিদ্বন্দ্বিতা করেন। 

ঈদগাঁওতে এটিই প্রথম উপজেলা পরিষদ নির্বাচন। নতুন এ উপজেলায় মোট ভোটার ছিল ৮৮ হাজার ৭শত ৬০ জন। এর মধ্যে পুরুষ ৪৮,২৪৮ জন এবং ৪০,৫১২ জন হলেন নারী ভোটার। ৫টি ইউনিয়নের ৩৬টি কেন্দ্রে মোট বুথ ছিল ২৬৮টি। প্রায় সব কেন্দ্রে ভোটারদের সরব উপস্থিতি ছিল লক্ষনীয়। সকাল ৮টা থেকে সকাল ১০টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চললেও ভোট সম্পন্ন হওয়ার আগ পর্যন্ত বেশ কিছু কেন্দ্রে গোলযোগের ঘটনা ঘটেছে।

এদিকে টেলিফোন (আবু তালেব) ও মোটর সাইকেল সমর্থকদের মধ্যে কথাকাটাকাটিকে কেন্দ্র করে বিকেলে পোকখালী ইউনিয়েনর মালমুরাপাড়ায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে সফুর আলম (৩৫) নামে এক যুবক নিহত হয়েছে। তিনি টেলিফোন প্রতিকের সমর্থক ছিলেন বলে জানা গেছে।

ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে ঈদগাঁও ইউনিয়ের ৭নং ওয়ার্ডের আলী বিন আবু তালেব মাদ্রাসা কেন্দ্রে। ওই ঘটনায় প্রতিপক্ষের হামলায় এক যুবকের মাথা ফেটে গেছে বলে স্থানীয়রা। 

ভোটদানে বাধাদান ও কেন্দ্র থেকে এজেন্ট বের করে দেওয়ার অভিযোগে আনারস প্রতীকের প্রার্থী সেলিম আকবরের নেতৃত্বে তাঁর কর্মী সমর্থকেরা সকাল ১১টায় প্রায় ১ ঘন্টা ধরে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রাখে। পরে আইন শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।