ভাঙচুরের ছবি তোলায় সাংবাদিকের ওপর হামলা
সাভারে দুর্বৃত্তদের হামলায় দ্য ডেইলি স্টার পত্রিকার নিজস্ব প্রতিবেদক ও নাগরিক টেলিভিশনের সাভার প্রতিনিধি আকলাকুর রহমান আকাশ (৩৬) আহত হয়েছেন। তিনি বর্তমানে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
রোববার (২৬ মে) সকাল সাড়ে ১০টার দিকে সাভার পৌর এলাকার ভাগলপুর সিরাক্সি বাজারে বেঙ্গল সিরাক্সি কারখানায় এ হামলার ঘটনা ঘটে।
আহত আকলাকুর রহমান আকাশ সাভার পৌর এলাকার তালবাগ মহল্লায় ভাড়া বাসায় বসবাস করেন।
আহত সাংবাদিক আকাশ গণমাধ্যমকে বলেন, সকালে হঠাৎ খবর পাই সাভারের সিরাক্সি বাজারে বেঙ্গল সিরাক্সি কারখানা কে বা কারা জোরপূর্বক দখল নিচ্ছে। এ সময় আমি ঘটনাস্থলে যাই। পরে দেখি দুর্বৃত্তরা সিরাক্সি কারখানাটির কম্পিউটার ও সিসি ক্যামেরা ভেঙে ফেলছে। এমন দৃশ্য দেখে আমি মোবাইল ফোনে ভাঙচুরের ছবি তুলি। এ সময় হঠাৎ কয়েকজন লোক এসে আমাকে মারধর শুরু করে। পরে আমার মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নিয়ে যায় তারা। এরপর আমাকে আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে নিয়ে আসা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়মুল হুদা গণমাধ্যমকে বলেন, আহত সাংবাদিক নাক ও চোখে আঘাতপ্রাপ্ত হয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হয়েছে।
সাভার মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসিু) শাহ জামান গণমাধ্যমকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।