বিপদ আঁচ করতে পেরেই গত ১২মে দেশ ছেড়েছেন বেনজীর?
একাধিক দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে যে, গত ১২ মে সাবেক পুলিশ প্রধান বেনজীর আহমেদ দেশত্যাগ করেছেন। যদিও পুলিশের একাধিক সূত্র বলছে, বেনজীর আহমেদ ঢাকাতেই আছেন, আত্মগোপনে আছেন। তিনি তার গুলশানের বাড়িতে নেই, অন্য কোথাও আছেন। কিন্তু এই তথ্যের পিছনে কোনও যুক্তি খুঁজে পাওয়া যাচ্ছে না। একাধিক কারণে বেনজীর আহমেদের দেশত্যাগের গুঞ্জন ক্রমশ শক্ত ভিত্তি পাচ্ছে।
এর মধ্যে সবচেয়ে বড়ো কারণ হল যে, বেনজীর আহমেদ যদি দেশেই থাকতেন তাহলে নিশ্চিতভাবেই তিনি যোগাযোগ করতেন। তার ঘনিষ্ঠ ব্যক্তিদের কাছে সাক্ষাৎকার দিতেন। আইনজীবীদের সাথে কথা বলতেন। আত্মপক্ষ সমর্থনের চেষ্টা করতেন। কিন্তু এসব কিছুই তিনি করেননি এখন পর্যন্ত। এমনকি তার একান্ত ঘনিষ্ঠরা পর্যন্ত তার সঙ্গে যোগাযোগ করেনি, এটি নিশ্চিত করেছে একাধিক গোয়েন্দা সংস্থা। এর অর্থ হল, তিনি দেশে নেই।
আরও পড়ুন: >> গভীর রাতে তুলে নিয়ে সিটিজেন টিভির শেয়ার কেড়ে নেন বেনজীর ও নাফিজ
একটি দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে যে, বেনজীর আহমেদ সম্ভবত দুবাইয়ে আছে। এই সংবাদের ভিত্তিতেই গত ২৯ মে ‘বেনজীর আহমেদ কি দেশ ছেড়েছেন?’- এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছিল একটি অনলাইন। সেই প্রতিবেদনের সূত্র ধরে আরও খোঁজ নিয়ে এখন মোটামুটি নিশ্চিত হওয়া গেছে যে- বেনজীর আহমেদ, তার স্ত্রী জিসান এবং এক কন্যা দুবাইতে অবস্থান করছেন। আরেকজন কন্যা যুক্তরাজ্যে অবস্থান করছেন, এ সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া গেছে। আর তৃতীয় কন্যা দুবাইতে অথবা যুক্তরাজ্যে আছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে।
সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, যখন বেনজীর আহমেদের বিরুদ্ধে হাইকোর্ট তদন্তের জন্য দুর্নীতি দমন কমিশনকে নির্দেশ দেয় সেই সময় বেনজীর আহমেদ সরকারের উচ্চপর্যায়ে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন। একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে তিনি যোগাযোগ করেও ব্যর্থ হন। কেউ তার সঙ্গে যোগাযোগ করেননি। এরপর বেনজীর আহমেদ অন্তত দুজন সরকারের প্রভাবশালী ব্যক্তির বাড়িতেও গিয়েছিলেন বলে নিশ্চিত খবর পাওয়া গেছে। ৯ মে এবং ১০ মে দুইদিন তিনি আওয়ামী লীগ সরকারের একজন প্রভাবশালী নেতা এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টার বাসভবনে গিয়ে ফেরত আসেন। এছাড়াও তিনি সরকারের উচ্চ মহলে টেলিফোন করেছিলেন, যোগাযোগের চেষ্টা করেছিলেন, কিন্তু কেউই তাকে গুরুত্ব দেয়নি। তার প্রতি সহানুভূতি দেখায়নি। বরং সবাই তাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে।
এরকম বাস্তবতায় ১২ মে এমিরেটস এর ফ্লাইটে তিনি দুবাইয়ে গেছেন বলে একাধিক সূত্র নিশ্চিত করেছেন। এখন তিনি দুবাইয়ে অবস্থান করছে। দুবাইয়ে বেনজীর আহমেদের বিপুল পরিমাণ সম্পত্তি আছে। এখন পর্যন্ত বিভিন্ন সূত্র থেকে যে তথ্য পাওয়া গেছে তাতে বেনজীর আহমেদের অন্তত চারটি অ্যাপার্টমেন্ট দুবাইতে রয়েছে। এ ছাড়া কিছু শপিং মল এবং অন্যান্য ব্যবসা রয়েছে।
বেনজীর আহমেদের বড় মেয়ের স্বামী দুবাইতে ব্যবসা করেন এবং তিনি গত পাঁচ মাস ধরে স্থায়ীভাবে দুবাইতে বসবাস করছেন বলেও জানা গেছে। বেনজীর আহমেদ চাকরি থেকে অবসরের পর একটি সাধারণ পাসপোর্ট গ্রহণ করেন এবং সেই পাসপোর্টে তিনি দুবাইয়ের বিশেষ ক্যাটাগরির পাঁচ বছরের ভিসাও রেখেছিলেন। চলতি বছরেও নির্বাচনের পর পর তিনি একবার দুবাই গিয়েছিলেন এবং সেই সময় তিনি সেখানে মাসাধিক কাল অপেক্ষা করছেন। তবে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছেন যে, বেনজীর আহমেদ দুবাই গেছেন না বাংলাদেশে আছেন তা বোঝা যাবে আগামী ৬ জুন। ওই দিন যদি তিনি স্বশরীরে দুর্নীতি দমন কমিশনে হাজির হন তাহলে সব গুঞ্জনের অবসান ঘটবে আর ওই দিন যদি তিনি আইনজীবীকে পাঠান তাহলে বুঝতে হবে যে বেনজীর আহমেদ আর দেশে নেই।
সূত্র: বাংলা ইনসাইডার