আসছে বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ

Inflation control in the budget
অনলাইন ডেস্ক: ০৫ জুন ২০২৪ ০৬:১১ পূর্বাহ্ন শীর্ষ খবর
অনলাইন ডেস্ক: ০৫ জুন ২০২৪ ০৬:১১ পূর্বাহ্ন
আসছে বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ
....সংগৃহীত ছবি

বাংলাদেশ আওয়ামী লীগ এখন টানা চতুর্থ মেয়াদে দেশ পরিচালনা করছে। ২০০৮ সালের নির্বাচনের পর থেকে আওয়ামী লীগের মূল লক্ষ্য ছিল উন্নয়ন। গত ১৫ বছরে আওয়ামী লীগ বাংলাদেশকে বদলে দিয়েছে।

এই সময়ে মাথাপিছু আয় বেড়েছে, জিডিপি বেড়েছে, বাংলাদেশে মধ্যম আয়ের দেশ হয়েছে, উন্নয়নশীল দেশে উত্তরণের যোগ্যতা অর্জন করেছে। তবে দেশের অর্থনৈতিক সংকট কাটেনি। মানদণ্ড নির্ধারক প্রায় সব সূচকই নিম্নমুখী হয়ে পড়েছে। সরকারের হাতে অর্থ কম। প্রত্যাশিত রাজস্ব আয় আসছে না। ঘাটতি মেটাতে সরকারকে ঋণ করতে হচ্ছে।

এই সময়ে সবচেয়ে বড় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে ডলার সরবরাহে ঘাটতি ও দাম বৃদ্ধির প্রবণতা। যার ধাক্কা লেগেছে আমদানি ব্যয়ে। এতে চলতি অর্থবছরে দুই দফায় টাকার অবমূল্যায়ন ঘটাতে হয়েছে। অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদাসল পরিশোধে ব্যয় আগের তুলনায় দ্বিগুণ হয়েছে। এসবের সার্বিক প্রভাবে রিজার্ভ নেমেছে তলানিতে।

আর মূল্যস্ফীতির পারদ আরও ঊর্ধ্বগামী হচ্ছে। এতে একদিকে বিনিয়োগ, কর্মসংস্থান ও মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি হ্রাস পেয়েছে, অন্যদিকে ব্যয়ের তুলনায় মজুরি মূল্য না বাড়ায় বড় ধরনের অস্বস্তিতে পড়েছে সার্বিক জনজীবন।

অর্থনীতির এই দুষ্টচক্র সামাল দেওয়ার চেষ্টায় অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী সংকটের বাজেটে সংযমের কৌশল অবলম্বন করছেন। তিনি এ পরিস্থিতি মোকাবিলায় বাজেটের প্রবৃদ্ধিতে গত প্রায় দেড় দশকের ঐতিহ্য ভেঙে উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা পরিহার করে প্রথমবারের মতো মোট দেশজ উৎপাদনের তুলনায় বাজেটের আকার সর্বনিম্ন প্রবৃদ্ধি ঘটাতে চলেছেন। একই সঙ্গে বাজেটে আয়-ব্যয়ের হিসাবে ঘাটতি রাখছেন মাত্র ৪ দশমিক ৬ শতাংশ।

মন্ত্রী বাজেট পরিকল্পনা যতটা সম্ভব সংকোচনমুখী রাখতে চান। একই সঙ্গে ‘সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার’ও রাখবেন অর্থমন্ত্রী। এজন্য আগামীকাল বৃহস্পতিবার (৬ জুন) জাতীয় সংসদে দাঁড়িয়ে তিনি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে অগ্রাধিকার দিয়ে আগামী ২০২৪-২৫ অর্থবছরের জন্য ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার ব্যয় পরিকল্পনার বাজেট প্রস্তাব করবেন।

তবে এই চ্যালেঞ্জকে অর্থমন্ত্রী মোকাবিলা করতে চান দক্ষ ও কৌশলী বাজেট ব্যবস্থাপনা দিয়ে। এজন্য তিনি সংকোচনমুখী বাজেট তৈরিতে মনোযোগী হলেও একই সঙ্গে অর্জন করতে চান রাজস্ব আয়ের সম্ভাব্য লক্ষ্য। সেজন্য তিনি কিছু ক্ষেত্রে করহার বাড়ানোর পাশাপাশি সাধারণের কাছে অত্যাবশ্যকীয় বেশ কিছু পণ্যে রাখবেন কর ছাড়ের সুবিধা। অন্যদিকে নীতি পদক্ষেপের ফলপ্রসূ বাস্তবায়নের মাধ্যমে অভ্যন্তরীণ উৎপাদন, সামাজিক নিরাপত্তা বলয়ের আওতা সম্প্রসারণ, উৎপাদনশীল কর্মকাণ্ডে ভর্তুকি বাড়িয়ে উৎপাদনশীলতা বাড়ানোর কথা বলবেন। যেখানে অভ্যন্তরীণ বিনিয়োগ-শিল্পায়ন ও কর্মসংস্থান তৈরিতেও থাকবে নজর।

অর্থমন্ত্রী আগামী অর্থবছরের জন্য যে ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার ব্যয় পরিকল্পনা সাজিয়েছেন, সেখানেও তিনি ব্যয় করতে চান বেশি এবং আয়ের লক্ষ্য ধরেছেন কম। এজন্য বাজেটে অনুদান ব্যতীত ঘাটতি রাখতে যাচ্ছেন ২ লাখ ৫৬ হাজার কোটি টাকা, যা জিডিপির ৪ দশমিক ৬০ শতাংশ।

এবারের বাজেটে সরকারের মোট পরিচালন ব্যয় ধরা হচ্ছে ৫ লাখ ৬ হাজার ৯৭১ কোটি টাকা। আর উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ২ লাখ ৮১ হাজার ৪৫৩ কোটি টাকা। পরিচালন খাতের আবর্তক ব্যয়ের আকার ধরা হয়েছে ৪ লাখ ৬৮ হাজার ৯৮৩ কোটি টাকা।

ঘাটতি অর্থায়নের উৎস হিসেবে আসবে অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণ। এর মধ্যে বৈদেশিক উৎস থেকে ঋণ নেওয়া হবে ১ লাখ ২৭ হাজার ২০০ কোটি টাকা। যেখানে নিট ঋণের পরিমাণ ধরা হয় ৯০ হাজার ৭০০ কোটি টাকা। অভ্যন্তরীণ উৎস থেকে ঋণ নেওয়ার পরিকল্পনা রয়েছে ১ লাখ ৬০ হাজার ৯০০ কোটি টাকা।

উন্নয়ন ব্যয়ের পরিকল্পনায় সরকার ব্যয়ের যে আকার নির্ধারণ করেছে, সেখানে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) ব্যয় হবে ২ লাখ ৬৫ হাজার কোটি টাকা। বাকি ১৬ হাজার ৪৫৪ কোটি টাকা ব্যয় ধরা হয় এডিপিবহির্ভূত উন্নয়ন অংশের জন্য।

সূত্র : ইনসাইডার