জাবিতে আন্দোলনকারী-ছাত্রলীগের দফায় দফায় সংঘর্ষ: আহত অর্ধশত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলার ঘটনা ঘটেছে। এসময় আন্দোলনকারীদের অন্তত অর্ধশত শিক্ষার্থী, এক শিক্ষক, সাংবাদিক ও ছাত্রলীগ নেতাকর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে৷ সোমবার (১৫ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সামনে হামলা সংঘটিত হয়।
জানা যায়, সন্ধ্যা সাড়ে ৬টায় কোটা সংস্কার আন্দোলনকারীদের পূর্বঘোষিত বিক্ষোভ মিছিল কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু হল সংলগ্ন এলাকায় আসলে এ ঘটনা ঘটে। হামলার সময় ছাত্রলীগের শাখা সভাপতি আকতারুজ্জামান সোহেল ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটনকে হেলমেট পরিহিত অবস্থায় নেতৃত্ব দিতে দেখা যায়। এছাড়া হামলায় শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে পড়ে। এসময় উভয় পক্ষের ঢিল ছোড়াছুড়ি ও তুমুল সংঘর্ষ সংঘটিত হয়।
সরেজমিনে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে গিয়ে দেখা যায়, আহত অবস্থায় অসংখ্য শিক্ষার্থী চিকিৎসা সেবা নিতে এসেছেন৷ এদের মধ্যে গুরুতর আহত অবস্থায় আন্দোলনের সমন্বয়ক আব্দুর রশীদ জিতু, মাহফুজ ইসলাম মেঘকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া সমন্বয়ক জাহিদুল ইসলাম, জাহিদুল ইসলাম বাপ্পি, তৌহিদ সিয়াম গুরুতর আহত অবস্থায় বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে সেবা নিয়েছেন।
এদিকে খোঁজ নিয়ে জানা যায়, সংঘর্ষ চলাকালে রসায়ন বিভাগের অধ্যাপক আওলাদ হোসেন ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি মোসাদ্দেকুর রহমান গুরুতর আহত হয়েছেন। ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন ও সাংগঠনিক সম্পাদক চিন্ময় সরকারও আহত হয়ে চিকিৎসা কেন্দ্রে সেবা নিয়েছেন বলে জানা যায়।
বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডা. অমিতাভ জানান, আমি ৮ টার সময়ে এসে অন্তত ২০-৩০ জনকে রক্তাক্ত অবস্থায় পেয়েছি৷ রাত সাড়ে আটটায় মেডিক্যাল সেন্টারে সর্বশেষ তথ্যমতে, অন্তত অর্ধশত শিক্ষার্থী আহত হয়ে চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে, গুরুতর আহত অবস্থায় অন্তত ২০-২৫ জনকে সাভারের এনাম মেডিকেলে পাঠানো হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আরিফ সোহেল বলেন, আমরা একটি শান্তিপূর্ণ মিছিল নিয়ে বঙ্গবন্ধু হল এলাকায় আসলে ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাদের উপর হামলা চালায়। ছাত্রলীগের সন্ত্রাসীরা আগে থেকেই লাঠিসোটা নিয়ে প্রস্তুত ছিল। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আগে থেকে জানা সত্ত্বেও নীরব দর্শকের ভূমিকা পালন করেছে৷
এদিকে সংঘর্ষ চলার পৌনে এক ঘণ্টা পর প্রক্টরিয়াল টিম ঘটনাস্থলে আসলেও এক শিক্ষক আহত হওয়ায় তারা ঘটনাস্থল ত্যাগ করেন। এর পর টানা এক ঘন্টা সংঘর্ষ হলেও প্রক্টরিয়াল টিমকে সেখানে দেখা যায় নি। এক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক ও আন্দোলনকারীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। এছাড়া এসময় ছাত্রলীগ নেতাকর্মীরাও হলের ভেতরে চলে যায়। রাত ৯টায় এই প্রতিবেদন লিখা পর্যন্ত সংঘর্ষ থামার পর শিক্ষার্থীরা বিচার দাবিতে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়েছে।