আটক ও জরিমানা করেও থামানো যাচ্ছে না অবৈধ বালু উত্তোলন

Illegal sand mining
অনলাইন ডেস্ক : ০৮ সেপ্টেম্বর ২০২৪ ০৩:০৫ পূর্বাহ্ন সারা বাংলা
অনলাইন ডেস্ক : ০৮ সেপ্টেম্বর ২০২৪ ০৩:০৫ পূর্বাহ্ন
আটক ও জরিমানা করেও থামানো যাচ্ছে না অবৈধ বালু উত্তোলন
মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের ড্রেজার।.....সংগৃহীত ছবি

প্রশাসনের নিষেধাজ্ঞা থাকা সত্বেও, তা উপেক্ষা করে রাতের আধারে চলছে মেঘনা নদী থেকে অবৈধ বালু উত্তোলন। সম্প্রতি ২টি ড্রেজারসহ ৪ জনকে আটক ও ১০ লাখ টাকা জরিমানা করেও থামানু যাচ্ছে না অবৈধভাবে বালু উত্তলনকারী দস্যু চক্রদের। 

ইজারা দেয়া বালু মহালএর সীমানা কাতলার চর মৌজা ছাড়িয়ে রায়পুরা উপজেলার চানপুর ইউনিয়নের মাঝের চর, শ্রীনগর ইউনিয়নের আব্দুল্লার চরসহ ভেলুয়ার চর এলাকা থেকে অবৈধ বালু উত্তোলন অব্যাহত রয়েছে।

বিভিন্ন গনমাধ্যমে সংবাদ প্রকাশ হলে তৎপর হয় স্থানীয় উপজেলা প্রশাসন। শনিবার (৩১ আগস্ট) বিকালে উপজেলার মেঘনা নদীর আব্দুল্লাহচর থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রায়পুরা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শফিকুল ইসলাম। 

বালু মহলের নির্ধারিত স্থান থেকে বাইরে গিয়ে অবৈধ চুম্বক ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলনের সময় দুটি ড্রেজার জব্দ করা হয় এবং ভ্রাম্যমাণ আদালত ৪ জন বালু দস্যুকে আটক করে ১০ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। সেই সাথে পরবর্তী নির্দেশ দেয়া না পর্যন্ত কাতলারচর মৌজার বালু মহাল থেকে বালু উত্তোলন বন্ধ ঘোষণা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নিষেধাজ্ঞার ফলে দিনের বেলায় বালু মহাল ও অন্যান্য স্থান থেকে বালু উত্তোলন বন্ধ থাকলেও রাতের আধারে অবৈধভাবে বালু উত্তলন অব্যাহত রয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, প্রশাসনের নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে রাত ১১ থেকে ভোর ৬টা পর্যন্ত অন্তত: ২০টি অবৈধ চুম্বক ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করা হয়। 

শত শত বালুবাহী বুলগেট (বালু বোঝাই স্টিলের নৌকা) দিয়ে লোড বালু অনত্র সরিয়ে নিয়ে বিক্রি করা হচ্ছে। 

একটি ড্রেজার প্রতি ২০/২৫ মিনিটে এক বুলগেট বালু ভর্তি করতে পারে। প্রতিদিন প্রায় দেড় কোটি টাকার বালু উত্তোলিত হয়। অস্ত্রধারী বালু দস্যুরা রাতভর চালায় মেঘনা নদীতে এ তাণ্ডব। আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্রের ভয়ে এলাকার কেউ তাদের অপকর্মের প্রতিবাদ করতে এগিয়ে আসতে সাহস পায় না।

নাম প্রকাশে  অনিচ্ছুক স্থানীয় এক জনপ্রতিনিধি জানান, বিগত সরকার আমলে রায়পুরার আওয়ামী লীগ এমপি রাজিউদ্দিন আহমেদ রাজুর নিয়োজিত লোকজন প্রতিদিন কয়েক লাখ টাকা নিয়ে বালু উত্তোলন করতে দিতো। ফলে স্থানীয় প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থা বালু উত্তোলনকারীদের সাথে অনেকটা বাধ্য হয়ে হাত মিলিয়ে চলতো। সরকার পতনের পর প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থা কিছুটা সচল হয়। অবৈধ বালু উত্তোলন ব্যবস্থার গডফাদার পরিবর্তন হয়ে যায়। 

স্থানীয় বিএনপি নেতা দাবিদার আব্দুল্লাহচর এলকার মনির, আফজাল, আবুল মেম্বার, চানপুর এলাকার মামুন মেম্বার, পলাশতলী এলাকার সাদীর ব্যপারী, সাহারখোলা এলাকার সোহরাব মেম্বার, আবদুল লতিফ এর সার্বিক তত্বাবধানে চলছে অবৈধ বালু উত্তোলন।

নদীর তীরবর্তী লোকালয় থেকে কাটিং ড্রেজার এর পরিবর্তে নিষিদ্ধ চুম্বক ড্রেজার দিয়ে বালু উত্তোলন করায় বর্ষার পানি শুকিয়ে গেলে শুরু হয় ব্যপক ভাঙন। 

ইতোপূর্বে মেঘনার ভাঙ্গনে নদীর তীরবর্তী চানপুর ইউনিয়নের সওদাগর কান্দি, মাঝের, শ্রীনগর ইউনিয়নের পলাশতলী, আব্দুল্লাহর চর, বাঘাই কান্দি, ফকিরেরচর, ভেলুয়ারচর, চরসুবুদ্ধি ইউনিয়নের ভাটখলা, চরমধুয়া ইউনিয়নের বিভিন্ন এলাকা ব্যপক ভাঙ্গনে লোকালয় ও আবাদি জমি নদীগর্ভে  বিলীন হয়ে যায়।

স্থানীয়রা জানান, ইজারা নেয়ার পর থেকেই প্রতিদিনই অবৈধ চুম্বক ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছে নরসিংদী শহরের ইজারাদার মেসার্স আশরাফ হোসেন সরকার ট্রেডার্স। অথচ চম্বুক ড্রেজার দিয়ে বালু উত্তোলনের কোনো নিয়মই নেই। সেখান থেকে বালু উত্তোল করে ইজারাদারের পুষাবে না। তাই অধিক বালু উত্তোলন করতে ইজারাদার স্থানীয় গড ফাদারদের সহায়তায় যত্রতত্র ড্রেজার লাগিয়ে অবাধে লোকালয় থেকে বালু উত্তোলন করছে। প্রতিদিন কোটি কোটি টাকার বালু উত্তোলন করা হচ্ছে। 

প্রশাসন সূত্রে জানা যায়, প্রায় ১৮ কোটি টাকা দিয়ে কাতলার চর বালু মহালটি ইজারা নেয় মেসার্স আশরাফ ট্রেডার্স। কাটিং ড্রেজার দিয়ে বালু মহাল থেকে বালু উত্তোলন করার শর্ত দেয়া হয় ইজারা। কিন্ত কোন শর্তের তোয়াক্কা করছেনা ইজারাদার। নদী ভাঙ্গন রোধে সিভিল প্রশাসনের পাশাপাশি সেনাবাহিনীর হস্তক্ষেপ কামনা করছে স্থানীয়রা।