'বাবা বলেছেন ঘুষ খাওয়া যাবে না, চাঁদাবাজ অপরাধ দমন করতে হবে'
কক্সবাজারের নবাগত পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় মিলিত হয়েছেন৷
বুধবার ১১ সেপ্টেম্বর সকালে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় নবাগত পুলিশ সুপার বলেন, আমার ১৯ বছরের চাকুরী জীবন৷ বাড়ি পুরান ঢাকা। এর আগে সিলেট ও কুমিল্লা সহ বিভিন্ন জায়গায় ছিলাম। কক্সবাজার এসেছি শ্রদ্ধা ও ভালোবাসা পেতে।
তিনি আরো বলেন, আমি কক্সবাজার যোগদানের আগের দিন বাবাকে ফোন করেছিলাম বাবা বলেছেন, ঘুষ খাওয়া যাবে না। চাঁদাবাজ অপরাধ দমন করতে হবে।
তিনি বলেন, আপনারা আজ যা তুলে ধরেছেন সেসব আমি জানি আপনারাও জানেন৷ পর্যায়ক্রমে সব সমাধান হবে। যদি আমি শুনি পুলিশের কাছে কেউ হয়রানির শিকার হয়েছেন তাকে আমি চরম হয়রানি করবো।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) জসিম উদ্দিন চৌধুরী, সাংবাদিকদের পক্ষে প্রেস ক্লাব সভাপতি, দৈনিক সৈকত সম্পাদক মাহবুবর রহমান ও সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারী সহ বিভিন্ন সাংবাদিক সংগঠন নেতৃবৃন্দ, জাতীয় দৈনিক, অনলাইন, টেলিভিশনের জেলা প্রতিনিধি এবং স্থানীয় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।