ম্যারাডোনার নামে ফাউন্ডেশনের ঘোষণা

Diego Maradona
অনলাইন ডেস্ক : ০১ নভেম্বর ২০২৪ ০৫:৩৩ অপরাহ্ন খেলা
অনলাইন ডেস্ক : ০১ নভেম্বর ২০২৪ ০৫:৩৩ অপরাহ্ন
ম্যারাডোনার নামে ফাউন্ডেশনের ঘোষণা
বুয়েনস এইরেসে ডিয়েগো ম্যারাডোনার ম্যুরালরয়টার্স......সংগৃহীত ছবি


ফুটবল কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার স্মরণে ফাউন্ডেশন প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন তাঁর সন্তানেরা। এই ফাউন্ডেশনের আওতায় থাকবে ‘এম১০ মেমোরিয়াল’, যা আর্জেন্টিনার রাজধানী বুয়েনস এইরেসের পর্যটনকেন্দ্র পুয়ের্তো মাদেরোয় স্থাপন করা হবে। ২০২৫ সালে এটি দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে।
‘এম১০ মেমোরিয়াল’–এর অফিশিয়াল ওয়েবসাইটে ঘোষণাটি এমন সময়ে এসেছে, যার এক দিন আগে ৩০ অক্টোবর ম্যারাডোনার ৬৪তম জন্মদিন ছিল এবং ২৫ নভেম্বর পালিত হবে কিংবদন্তি এই ফুটবলারের চতুর্থ মৃত্যুবার্ষিকী।
আর্জেন্টিনার স্থানীয় সময় বৃহস্পতিবার এক অনুষ্ঠানে ম্যারাডোনার মেয়ে দালমা তাঁর ভাই-বোনদের পক্ষ থেকে বলেন, ‘আমরা আমাদের পিতাকে মানুষের ভালোবাসার কাছাকাছি নিয়ে যেতে চাই। যাঁরা তাঁর কাছে ফুল নিয়ে আসতে চান, তাঁদের সেই ইচ্ছাপূরণের সুযোগ করে দিতে চাই।’
বিবৃতিতে জানানো হয়, ১০০০ বর্গমিটার আয়তনের ফাউন্ডেশন আঙিনায় সব আর্জেন্টাইন বিনা খরচে ঢুকতে পারবেন। আর ম্যারাডোনা ফাউন্ডেশনে অনুদান দিলে মেমোরিয়ালের ‘হেরিটেজ ওয়াল’–এর সামনে ছবিও তুলতে পারবেন।
দালমা জানান, তিনি ও অন্য মায়ের গর্ভে জন্ম নেওয়া আরও চার ভাই–বোন মিলে এই ফাউন্ডেশন পরিচালনা করবেন। ম্যারাডোনাকে ‘ট্রিবিউট প্রদান ও পরম্পরা সংরক্ষণে’র আকাঙ্ক্ষা থেকে এই ফাউন্ডেশন প্রতিষ্ঠা করা হয়েছে।
আর্জেন্টিনার ১৯৮৬ বিশ্বকাপ জয়ের নায়ক ম্যারাডোনা ৬০ বছর বয়সে ২০২০ সালের নভেম্বরে মারা যান। চিকিৎসকেরা তাঁর মৃত্যুর কারণ হিসেবে হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যাওয়ার কথা জানিয়েছিলেন। তবে আর্জেন্টিনার একটি আদালত ম্যারাডোনার মৃত্যুতে চিকিৎসক দলের অবহেলার অভিযোগে তদন্ত করছে।