সাফজয়ী ৭ নারী ফুটবলারকে সংবর্ধনা

football
অনলাইন ডেস্ক : ২১ নভেম্বর ২০২৪ ০৮:০১ অপরাহ্ন খেলা
অনলাইন ডেস্ক : ২১ নভেম্বর ২০২৪ ০৮:০১ অপরাহ্ন
সাফজয়ী ৭ নারী ফুটবলারকে সংবর্ধনা
সাতক্ষীরায় সংবর্ধনা দেওয়া হয় সাবিনা, মাসুরা ও আফঈদাকে.......সংগৃহীত ছবি

কদিন আগেই সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা অক্ষুণ্ন রেখে হিমালয়ের দেশ থেকে ফিরে এসেছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। এরপর থেকেই বিভিন্ন সংস্থা-সংগঠন বাংলার বাঘিনীদের সংবর্ধনার মাধ্যমে আর্থিক পুরস্কার দিচ্ছে। খেলোয়াড়দের নিজ নিজ জেলাগুলোও একই পথে হাঁটছে। তারই ধারাবাহিকতায় দেশের তিন জেলায় সেসব জেলার মোট সাত নারী ফুটবলারদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সাতক্ষীরা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার যৌথ আয়োজনে লাল গালিচা আর জমকালো আয়োজনে বরণ করে নেওয়া হয়েছে অধিনায়ক সাবিনা, ডিফেন্ডার মাসুরা পারভীন ও আফঈদা খন্দকারকে। সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ সভাপতিত্ব করেন। সাতক্ষীরার এই তিন কৃতি খেলোয়াড়ের হাতে সংবর্ধনা স্মারক ও প্রাইজমানি হিসেবে জনপ্রতি এক লাখ টাকা করে দেয়া হয়েছে।

নওগাঁর মহাদেবপুর উপজেলার হাতুড় ইউনিয়নের সাগরইল মির্জাপুর গ্রামের কৃতি সন্তান সাফজয়ী তারকা নারী ফুটবলার আইরিন খাতুনকে সংবর্ধনা দেয়া হয়েছে বুধবার সন্ধ্যায়। উপজেলার হাতুড় ইউনিয়নের মহিষবাথান উচ্চ বিদ্যালয় মাঠে হাতুড় ইউনিয়ন পরিষদ অনুষ্ঠানের আয়োজন করেছে। হাতুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক এতে প্রধান অতিথি ছিলেন। আইরিন খাতুনের সঙ্গে তার মা ফিরোজা বেগম ও বাবা আব্দুল আলিম অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আইরিনকে লাল গোলাপের তোড়া, মেডেল ও সম্মাননা স্মারক, ইউনিয়ন পরিষদের পক্ষে ১২ মেম্বার ৩০ হাজার টাকার চেক, ও রজনীগন্ধ্যার স্টিক দিয়ে সংবর্ধনা জানানো হয়েছে।

এছাড়া বৃহস্পতিবার সাফজয়ী বাংলাদেশ দলের সদস্য ঠাকুরগাঁও জেলার বাসিন্দা তিন খেলোয়াড় মোসাম্মৎ সাগরিকা, স্বপ্না রানী ও কোহাতি কিসকুকে সংবর্ধনা প্রদান করেছে জেলা প্রশাসন। জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ইশরাত ফারজানা এই তিন ফুটবলারের হাতে ক্রেস্ট, ফুলের তোড়া ও সম্মানী উপহার তুলে দিয়ে সংবর্ধনা প্রদান করেন।