আসাদের পতনের নায়ক কে এই আল-জোলানি
সিরিয়ার যুদ্ধের অশান্তি ও সঙ্কটময় পরিস্থিতির মধ্যে একটি নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। সিরিয়া এখন মুক্ত। এর মধ্য দিয়ে একটি অন্ধকার যুগের সমাপ্তি হলো। হঠাৎ এমনই এক ঘোষাণা দেন আবু মোহাম্মদ আল-জোলানি । যিনি তাহরির আল-শাম (এইচটিএস) নামের একটি শক্তিশালী সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর প্রধান। বর্তমানে এই গোষ্ঠী সিরিয়ায় সবচেয়ে শক্তিশালী বিরোধী শক্তি হিসেবে পরিচিত।
এদিকে বিদ্রোহীদের দামেস্ক দখলের মধ্য দিয়ে আসাদ পরিবারের অর্ধ শতাব্দীর শাসনের ইতি ঘটল। ব্যক্তিগত একটি উড়োজাহাজে দামেস্ক ছাড়েন বাশার আল-আসাদ। তিনি ২৪ বছর সিরিয়ার প্রেসিডেন্ট ছিলেন।
আসাদকে উৎখাতের লড়াইয়ে নেতৃত্ব দেওয়া কে এই জোলানি? হঠাৎ করে কেন এত আলোচনায় তিনি।
আবু মুহাম্মদ আল-জোলানির প্রকৃত নাম আহমদ আল-শারা। তিনি ১৯৮২ সালে দামেস্কে জন্ম গ্রহণ করেন। সেখানেই বেড়ে ওঠেন তিনি। তাঁর পরিবার ছিল বেশ উচ্চবিত্তের এবং শিক্ষাজীবনেও ছিল তার অসাধারণ কৃতিত্ব।
ইরাকে মার্কিন হামলা শুরু হলে তিনি সিরিয়া ছেড়ে যুদ্ধে অংশ নেন। তিনি আল কায়েদা ইন ইরাকের সদস্য হন যার নেতৃত্ব দেন আবু মুসাব আল-জারকাবি। সে সময় তিনি পাঁচ বছর কারাগারে বন্দী ছিলেন। পরে ২০১১ সালের মার্চে যখন সিরিয়ায় আসাদের শাসনের বিরুদ্ধে বিদ্রোহ শুরু হলে তিনি দেশে ফিরে আল-নুসরা ফ্রন্ট প্রতিষ্ঠা করেন। ২০১৩ সালে জোলানি ইসলামিক স্টেটের প্রধান আবু বকর আল-বাগদাদির আনুগত্য করতে অস্বীকার করেন এবং পরিবর্তে আল কায়েদার প্রধান আইমান আল-জওয়াহিরির প্রতি আনুগত্য ঘোষণা করেন।
২০১৭ সালের জানুয়ারিতে জোলানি উত্তর-পশ্চিম সিরিয়ায় প্রতিদ্বন্দ্বী ইসলামি গোষ্ঠীগুলোর ওপর চাপ দিয়ে তাদের সঙ্গে এইচটিএসের (হায়াত তাহরির আল-শাম) একীভূত হওয়ার ব্যবস্থা করেন। এর ফলে সরকারবিরোধী ইদলিব প্রদেশের বিশাল অংশ তার নিয়ন্ত্রণে আসে।
নিজেদের নিয়ন্ত্রণাধীন এলাকাগুলোতে এইচটিএস একটি বেসামরিক সরকার গড়ে তোলে এবং ইদলিব প্রদেশে একটি রাষ্ট্রের আকার সৃষ্টি করে। একই সঙ্গে বিদ্রোহী প্রতিপক্ষদের দমন করে। এই প্রক্রিয়ায় এইচটিএস স্থানীয় বাসিন্দা এবং মানবাধিকার সংস্থাগুলোর কাছ থেকে গুরুতর নির্যাতনের অভিযোগের মুখোমুখি হয়, যা জাতিসংঘ যুদ্ধাপরাধ হিসেবে চিহ্নিত করেছে।
নিজ দলকে ঘিরে থাকা ভীতি ও ঘৃণার ব্যাপারে সচেতন জোলানি আলেপ্পোর বাসিন্দাদের আশ্বস্ত করেন। তাঁর নতুন শাসনের অধীনে তারা কোনো ক্ষতির সম্মুখীন হবে না। তিনি তাঁর যোদ্ধাদের আহ্বান জানান আসাদের শাসন থেকে ‘মুক্ত’ করা এলাকাগুলোর নিরাপত্তা বজায় রাখতে।