বাংলাদেশে গাড়ির যন্ত্রাংশ রপ্তানি বন্ধ ঘোষণা দিল্লির
দিল্লির কাশ্মীর গেট বাজারের অটো যন্ত্রাংশ ব্যবসায়ীরা বাংলাদেশের সঙ্গে ব্যবসা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন। বাংলাদেশের ‘হিন্দুদের বিরুদ্ধে সহিংসতা’ এবং মন্দিরে ‘আক্রমণের’ অভিযোগকে কেন্দ্র করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার ভারতীয় সংবাদমাধ্যম ইকোনোমিক টাইমস এ তথ্য জানিয়েছে।
অটোমোটিভ পার্টস মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি, বিনয় নারাং জানিয়েছেন যে, ১৫ জানুয়ারি পর্যন্ত বাংলাদেশের জন্য সমস্ত রপ্তানি বন্ধ থাকবে। এই পদক্ষেপের মাধ্যমে বাংলাদেশের এই অভিযোগগুলো সম্পর্কে সচেতনতা তৈরি করার চেষ্টা করা হচ্ছে।
নারাং বলেছেন, বাংলাদেশে যা হয়েছে, আমাদের মন্দির ধ্বংস করা হয়েছে এবং আমাদের অনেক হিন্দু ভাই নিহত হয়েছে। এটা খুবই অন্যায়... আমাদের কাশ্মীর গেট বাজার সিদ্ধান্ত নিয়েছে যে আমরা বাংলাদেশের সঙ্গে ব্যবসা বন্ধ করব।
তিনি আরও যোগ করেন, বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। যদি গাড়ির যন্ত্রাংশ না পাওয়া যায়, তাহলে পরিবহন বন্ধ হয়ে যাবে। আমরা চাই তারা তাদের ভুল বুঝতে পারুক।
এই সিদ্ধান্তে প্রায় ২,০০০ দোকান বাংলাদেশের জন্য তাদের রপ্তানি বন্ধ করে দিয়েছে, যদিও এর ফলে অর্থ প্রদানে বিলম্ব হচ্ছে।
দিল্লির কাশ্মির গেট এলাকায মারুতি থেকে হুন্ডাই, টাটা সমস্ত গাড়ির যন্ত্রাংশের পাইকারি মার্কেট। এখান থেকে বাংলাদেশেও গাড়ি যন্ত্রাংশ রপ্তানি হয়ে থাকে।
এদিকে, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে ফোনে আলোচনা করেছেন। তারা মানবাধিকারের গুরুত্ব এবং বাংলাদেশের বর্তমান চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেছেন।
হোয়াইট হাউস জানিয়েছে, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান আজ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে কথা বলেছেন। তিনি এই কঠিন সময়ে বাংলাদেশ পরিচালনার জন্য ইউনূসকে ধন্যবাদ জানিয়েছেন।
এই ঘটনাগুলো বাংলাদেশের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক এবং আন্তর্জাতিক মানবাধিকার পরিস্থিতি নিয়ে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
বিবিএন/ ২৮ ডিসেম্বর / অচ