হঠাৎ মাটির নিচ থেকে ভেসে আসছিল নবজাতকের কান্না, অতঃপর...

Suddenly, the cry of the newborn was coming from under the ground
অনলাইন ডেস্ক : ১৫ জানুয়ারি ২০২৫ ১১:৫০ পূর্বাহ্ন সারা বাংলা
অনলাইন ডেস্ক : ১৫ জানুয়ারি ২০২৫ ১১:৫০ পূর্বাহ্ন
হঠাৎ মাটির নিচ থেকে ভেসে আসছিল নবজাতকের কান্না, অতঃপর...
নবজাতককে প্রাথমিক চিকিৎসা শেষে উপজেলা সমাজসেবা অধিদপ্তরে হস্তান্তর করা হয়েছে। ....সংগৃহীত ছবি

গাজীপুর সদর উপজেলায় কান্নার শব্দ শুনে মাটিচাপা দেওয়া অবস্থায় এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। গত সোমবার (১৩ জানুয়ারি) দুপুর ২টার দিকে উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের শিরিরচালা এলাকার ছামিট ক্যাডেট একাডেমির পেছন থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

জয়দেবপুর থানার ওসি আব্দুল হালিম বিষয়টি নিশ্চিত করে বলেন, নবজাতককে প্রাথমিক চিকিৎসা শেষে উপজেলা সমাজসেবা অধিদপ্তরে হস্তান্তর করা হয়েছে।

মাটিচাপা অবস্থা থেকে নবজাতককে উদ্ধার করেন শিরিরচালা এলাকার বাসিন্দা স্বপ্না বেগম। তিনি বলেন, বাড়ির কাছে মাঠে ছোট শিশুরা খেলছিল। হঠাৎ তারা মাটির নিচ থেকে কান্নার শব্দ শুনতে পায়। তখন সেখানে গিয়ে রক্তাক্ত অবস্থায় নবজাতককে মাটির নিচে উবু হয়ে পড়ে থাকতে দেখি। তখনো সে কান্না করছিল। তার নাড়িও কাটা হয়নি। দ্রুত শিশুটিকে উদ্ধার করে বাড়িতে নিয়ে পরিষ্কার করি। পরে নবজাতককে মাওনার একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

ওসি আব্দুল হালিম বলেন, খবর পেয়ে শিশুটিকে উদ্ধার করা হয়। পরে সমাজসেবা কর্মকর্তা মোবারক হোসেনের সঙ্গে যোগাযোগ করে রাত সাড়ে ১০টায় শিশুটিকে হস্তান্তর করা হয়েছে। নবজাতকের পরিচয় শনাক্ত এবং ঘটনা তদন্তে আইনি ব্যবস্থা চলমান রয়েছে।

সমাজসেবা কর্মকর্তা মোবারক হোসেন বলেন, নবজাতককে নিরাপদ স্থানে রাখার পাশাপাশি তার সুরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।