আদিবাসী শিক্ষার্থী-জনতার মিছিলে হামলায় জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবি
ঢাকায় আদিবাসী শিক্ষার্থীদের শান্তিপূর্ণ মিছিলে হামলা চালিয়ে আহত করার ঘটনায় জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটি তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং জড়িতদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানাচ্ছে।
আজ (১৫ জানুয়ারি) বুধবার দুপুরে মতিঝিলে পাঠ্যপুস্তকের প্রচ্ছদের “আদিবাসী” শব্দ সম্বলিত গ্রাফিতি বাতিলের প্রতিবাদ এবং গ্রাফিতিটি বহালের দাবিতে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) ঘেরাও কর্মসূচির মিছিলে “স্টুডেন্ট ফর সভারেন্টি, ঢাকা বিশ্ববিদ্যালয়” নামক সাম্প্রদায়িক সংগঠন কর্তৃক ক্রিকেট স্ট্যাম্প ও লাঠিসোটা নিয়ে হামলা চালানো হয়। এ হামলায় আদিবাসী নেতা অনন্ত বিকাশ ধামাই, আদিবাসী যুব ফোরামের সহ-সভাপতি টনি ম্যাথিউ চিরান, বাগাছাসের জন জেত্রা, পিসিপির ছাত্র নেতা রেং ইয়ং ম্রো, সাংবাদিক জুয়েল মারাক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা রূপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গ্যাসহ প্রায় ১৭ জনের অধিক আদিবাসী শিক্ষার্থী ও জনতা আহত হয়েছে। আহতরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জাতীয় আদিবাসী পরিষদ এই হামলার তীব্র নিন্দা জানাচ্ছে। আদিবাসীদের উপর হামলা অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের উপর হামলা। আদিবাসীদের নিশ্চিহ্ন করে দেওয়ার চক্রান্ত যুগ যুগ ধরে চলে আসছে। বিভিন্ন সময়ে রাষ্ট্র পরিচালনায় সরকার বদল হয়েছে, কিন্তু আদিবাসীদের উপর চলমান বৈষম্য ও নিপীড়ন, নির্যাতন বন্ধ হয়নি। বাংলাদেশের সমতল ও পাহাড়ে বসবাসরত আদিবাসী জনগণের উপর প্রতিনিয়ত নির্যাতন যে চলমান রয়েছে আজকের এই শান্তিপূর্ণ মিছিলে হামলার মধ্য দিয়ে তা ফুটে উঠেছে।
আদিবাসীদের বাদ রেখে ও নিশ্চিহ্ন করে বৈষম্যহীন অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়। অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়তে পাঠ্যপুস্তকে “আদিবাসী” শব্দযুক্ত গ্রাফিতি বহাল, পাঠ্যপুস্তকে আদিবাসীদের সংগ্রামের যথাযথ ইতিহাস, আত্মপরিচয় সম্পর্কিত বিষয় অন্তর্ভুক্ত, এবং আদিবাসী শিক্ষার্থীদের মিছিলে হামলায় জড়িত সকলকে দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানাচ্ছি।