ঘুঘুদহের ভূমি অধিকার আন্দোলনের ৪০তম বার্ষিকী

40th anniversary of the Ghughudaha land rights movement
ওয়ালিউর রহমান বাবু ১১ জুন ২০২৫ ০৭:২৮ অপরাহ্ন মতামত
ওয়ালিউর রহমান বাবু ১১ জুন ২০২৫ ০৭:২৮ অপরাহ্ন
ঘুঘুদহের ভূমি অধিকার আন্দোলনের ৪০তম বার্ষিকী
ঘুঘুদহের ভূমি অধিকার আন্দোলনের ৪০তম বার্ষিকী

বাংলাদেশের বিভিন্ন আন্দোলনে ভূমি অধিকার আন্দোলন উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে। আন্দোলনটি পাবনা জেলার সাথিয়া উপজেলার খেতুপাড়া ইউনিয়নের ঘুঘুদহ গ্রাম বিলের ভূমিহীনদের ভূমি অধিকার আন্দোলন। ভূমিহীনরা ভূমি অধিকারের দাবী করতে গিয়ে সেদিন সেখানে সৃষ্টি করে এই আন্দোলন। ১৯৮৫ সনের ১০ জুন ঘুঘুদহের ভূমিহীনরা ভূমি অধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে নির্যাতিত অত্যাচারিত হয় প্রভাবশালী দখলবাজ ও তাদের লেলিয়ে দেয়া হয় সন্ত্রাসীদের হাতে। সেদিন ভূমিহীন নারীরাও রক্ষা পায়নি তাদের কাছ থেকে। রক্তে লাল হয়ে উঠে ঘুঘুদহ বিল। ভূমি অধিকারের আন্দোলন চলছে বহু আগে থেকে। আন্দোলন চলছে ফসলের জন্য, ন্যায্য মজুরীর জন্য, ভূমির জন্য। হয়েছে তেভাগা আন্দোলন, নীল বিদ্রোহ, টংক আন্দোলন, পাবনার কৃষক বিদ্রোহ, নানকর আন্দোলন, সাঁওতাল বিদ্রোহ, ফকির বিদ্রোহ, দিনাজপুরের রানী শৈংকেলে, খুলনার পাইকপাছায়, সাতক্ষীরার দেব হটান, নোয়াখালির চর অঞ্চলে, পটুয়াখালির দশমিনারে, পাবনার ঘুঘুদহ বিল কুন্ডলিয়ায়। আন্দোলনে শুধু রক্ত নয় জীবনও দিতে হয়েছে। ক্রমে ক্রমে বাড়ছে ভূমিহীনদের সংখ্যা। বাড়ছে জনসংখ্যা, জমির পরিমাণ কমে যাচ্ছে, ভূমিহীনদের জন্য উদ্যোগ নেয়ার কথা বলা হলেও অভিযোগ তাদের জন্য তেমন কোন উদ্যোগ নেয়া হচ্ছে না। ভূমিহীনদের মিথ্যা স্বপ্ন দেখিয়ে ভবিষ্যতের কথা বলে এক শ্রেণীর টাউট দখলবাজ প্রতারকরা দখল করে নিচ্ছে জমি অথচ এগুলি পাবার কথা ভূমিহীনদের। জরীপে উঠে এসেছে নদীতে জেগে উঠা জমি অধিকাংশ দখল করে রেখেছে প্রভাবশালী ও তাদের লোকজন। ঘটে যাচ্ছে দুঃখজনক অনেক ঘটনা। 

অবৈধ দখলকারীদের কাছ থেকে যদি জমি উদ্ধার করে প্রকৃত ভূমিহীনদের মাঝে বন্টন করা হত তাহলে ভূমিহীন পরিবার নিঃশেষ হতো না। শিকস্তি পায়স্তি আইনের কিছু কারনে একর একর ভূমি কার্যকর হয়ে উঠছে না। ১৯৮৫ সালের ১০ জুন পাবনার সাথিয়া উপজেলার ঘুঘুদহ বিলে ভূমিহীন নারী পুরুষদের বীরত্বপূর্ণ লড়াই ভূমি আন্দোলনের মাইল ফলক। ইন্তাজ, লোকমান, লালমোহন, হায়দার, কলিমুদ্দিনদের রক্তে রঞ্জিত এই দিনটি ভূমিহীন মানুষদের লড়াই করার অনুপ্রেরণা দিচ্ছে দেখাচ্ছে বেঁচে থাকার স্বপ্ন। সেই স্বপ্ন নিয়ে আজো চলছে ভূমিহীনদের সংগ্রাম। 

কোন রাজনৈতিক দলের মেনিফেস্টোতে ভূমিহীন নারী, আদিবাসী, প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠায়, রাজনৈতিক অঙ্গীকারের বিষয়টি সুনির্দিষ্টভাবে থাকে না যদিও রাজনৈতিক দলগুলি এ নিয়ে কথা বলে থাকে। রাজনৈতিক দলগুলিই পারে ভূমিহীন নারী, আদিবাসী, প্রান্তিক জনগোষ্ঠীসহ দরিদ্র ও বিত্তহীনদের অধিকার ও ভূমি সংস্কার নিয়ে যে সমস্যা তার সমাধান করতে। বৈষম্যহীন ন্যায় বিচার ভিত্তিক সমাজ গড়তে ভূমিহীন নারী, আদিবাসী, প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠা করা ছাড়া বিকল্প কোন পথ নাই। ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠায় এবং বিরজমান সমস্যা দূর করতে অধিকার প্রতিষ্ঠা করে দেশ ও জাতির কল্যানে তাদের অবদান রাখার সুযোগ দিয়ে বাস্তবমুখি পদক্ষেপ প্রয়োজন।

লেখক: সমাজ ও সাংস্কৃতিক কর্মী, রাজশাহী