টানা এক মাস রাতে না খেলে শরীরে কী হয় , জেনে নিন
ওজন কমানোর জন্য অনেকেই নানা ধরনের পদ্ধতি অনুসরণ করেন। কেউ ট্রেডমিলে ঘণ্টার পর ঘণ্টা ঘাম ঝরান, কেউ আবার কঠোর খাদ্যাভাস মেনে চলেন। আবার অনেকের মধ্যে একটি সাধারণ প্রবণতা দেখা যায়, দ্রুত মেদ ঝরাতে রাতের খাবার পুরোপুরি বাদ দেওয়া। অনেকের ধারণা, এতে ক্যালরি খরচ কমে ওজন হ্রাস পায়।
কিন্তু চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে বিষয়টি কি এতটা সহজ? চলুন, জেনে নিই।
টানা এক মাস রাতের খাবার না খাওয়া শুধুমাত্র একটি খাদ্যাভ্যাস নয়—এটি শরীরের ওপর মারাত্মক প্রভাব ফেলতে পারে। চিকিৎসক ও পুষ্টিবিদদের মতে, রাতের খাবার পুরোপুরি বাদ দেওয়া মোটেই স্বাস্থ্যকর নয়। বরং এর কারণে শরীরে দেখা দিতে পারে একাধিক সমস্যা।
রক্তে শর্করার মাত্রা হ্রাস
দীর্ঘ সময় না খেলে রক্তে শর্করার পরিমাণ কমে যেতে পারে, যার ফলে শরীরে শক্তির ঘাটতি দেখা দেয়। এর ফলে ক্লান্তি, দুর্বলতা, মাথা ঘোরা ও কাজে অমনোযোগিতা দেখা দিতে পারে।
কর্টিসল বেড়ে মানসিক চাপ বাড়ে
রাতের খাবার বাদ দিলে কর্টিসল নামক স্ট্রেস হরমোনের মাত্রা বেড়ে যায়। এর প্রভাবে মানসিক চাপ, ঘুমের ব্যাঘাত ও উদ্বেগ বাড়তে পারে।
বিপাক হারের পতন
ওজন কমানোর জন্য বিপাক হারের গতি বাড়ানো জরুরি। কিন্তু রাতে না খেয়ে ঘুমাতে গেলে বিপাক ধীর হয়ে যায়। যা ওজন কমার বদলে বাড়ার কারণ হতে পারে। বিশেষ করে, পেটের চর্বি বাড়ার ঝুঁকি তৈরি হয়।
হজমে সমস্যা ও গ্যাস্ট্রিক
রাতের খাবার বাদ দিলে অন্ত্রে দীর্ঘ সময় কোনো খাবার না পৌঁছানোর কারণে গ্যাস, অ্যাসিডিটি এমনকি আলসারের মতো সমস্যা দেখা দিতে পারে।
পাকস্থলী খালি থাকলে তা ক্ষতিকর অ্যাসিড নিঃসরণ করে, যা পেটে জ্বালা সৃষ্টি করে।
তাহলে করণীয় কী?
চিকিৎসকদের পরামর্শ, ওজন কমাতে রাতের খাবার পুরোপুরি বাদ না দিয়ে বরং হালকা, সহজপাচ্য ও কম ক্যালরিযুক্ত খাবার খাওয়াই ভালো। যেমন: স্যুপ, ভেজিটেবল খিচুড়ি, দুধ বা হালকা সিদ্ধ সবজি ইত্যাদি। এতে শরীর পায় প্রয়োজনীয় পুষ্টি, বিপাক হারও ঠিক থাকে এবং ঘুমও হয় স্বস্তিদায়ক।
রাতের খাবার বাদ দিলে ওজন কমবে—এই ধারণা বিভ্রান্তিকর। বরং এমন অভ্যাস দীর্ঘমেয়াদে শরীরের ওপর মারাত্মক প্রভাব ফেলতে পারে। তাই ওজন কমানোর পরিকল্পনায় তাড়াহুড়া নয়, বরং পরিমিত খাদ্যাভ্যাস ও নিয়মিত শরীরচর্চাই হোক মূল কৌশল।
সূত্র : আজকাল