রাজশাহী কলেজে ফরম পূরণের বাড়তি চার্জ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি

Human chain and location
নিজস্ব প্রতিবেদক: ১১ সেপ্টেম্বর ২০২৫ ০৭:৪০ অপরাহ্ন শিক্ষা
নিজস্ব প্রতিবেদক: ১১ সেপ্টেম্বর ২০২৫ ০৭:৪০ অপরাহ্ন
রাজশাহী কলেজে ফরম পূরণের বাড়তি চার্জ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি
রাজশাহী কলেজে ফরম পূরণের বাড়তি চার্জ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স দ্বিতীয় বর্ষের ফরম পূরণ ও অন্যান্য খাতে ফি বৃদ্ধির প্রতিবাদে রাজশাহী কলেজে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে কলেজ ক্যাম্পাসে এ কর্মসূচি পালন করেন ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানান, জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অযৌক্তিকভাবে প্রতিটি খাতে বাড়তি টাকা যোগ করেছে। এর ফলে ফরম পূরণের খরচ কয়েকগুণ বেড়ে গেছে। মধ্যবিত্ত পরিবারের সন্তান হওয়ায় অনেক শিক্ষার্থী টিউশনি করে পড়াশোনার খরচ চালান, কিন্তু এখন অতিরিক্ত ফি মেটানো তাদের জন্য দুঃসাধ্য হয়ে পড়েছে।

এর আগে ১০ সেপ্টেম্বর (বুধবার)-এ অধ্যক্ষ স্যারের নিকট শিক্ষার্থীরা ৩ দফা দাবি সম্পুর্ণ একটি স্মারকলিপি প্রদান করে।

শিক্ষার্থীদের উল্লেখিত ৩ দফা দাবিগুলো হলো প্রথমত ফরম ফিলাপ চার্জ যুক্তিসঙ্গত পর্যায়ে নামিয়ে আনা। দ্বিতীয়ত সেশন চার্জ কমিয়ে শিক্ষার্থীবান্ধব হার নির্ধারণ।

এবং সর্বশেষ আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা করা।

মানববন্ধনে অংশ নেওয়া রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তাসনিয়া আক্তার বলেন, “আমরা ইতোমধ্যেই অধ্যক্ষ স্যারের কাছে স্মারকলিপি দিয়েছি। কিন্তু এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। তাই বাধ্য হয়ে আমরা মানববন্ধন ও অবস্থান কর্মসূচিতে নেমেছি।”

অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণকারী আরেক শিক্ষার্থী রুহুল আমিন বলেন, “আমরা শান্তিপূর্ণভাবে দাবি জানাচ্ছি। কিন্তু যদি দ্রুত সমাধান না হয় তবে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।”

এ বিষয়ে রাজশাহী কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. যহুর আলী বলেন, “শিক্ষার্থীদের দাবিগুলো যৌক্তিকভাবে বিবেচনা করা হচ্ছে। বিষয়টি ইতোমধ্যেই জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানানো হয়েছে।”