চাকসু নির্বাচন শেষ রাতে জমজমাট প্রচারণায় ছিলেন প্রার্থীরা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শেষ হয়েছে গতকাল সোমবার (১৩ অক্টোবর) রাত ১২টায়। শেষ দিনে বিশ্ববিদ্যালয়ের স্টেশন এলাকা রূপ নেয় এক উৎসবমুখর মেলায়। প্রার্থীদের ব্যস্ততা, শিক্ষার্থীদের ভিড়, গান ও স্লোগানে পুরো স্টেশন এলাকা মুখরিত হয়ে ওঠে।
সন্ধ্যার পর থেকে শিক্ষার্থীদের পদচারণায় জমে ওঠে বিশ্ববিদ্যালয় স্টেশন। কেউ গান গেয়ে, কেউ চরিত্রাভিনয় করে কিংবা প্রচারপত্র বিলি করে শিক্ষার্থীদের ভোট চান প্রার্থীরা। সোমবার রাত সাড়ে ৯টার দিকে শাটল ট্রেন আসলে স্টেশনে উপচে পড়া ভিড় তৈরি হয়। দাঁড়ানোর জায়গা না থাকলেও প্রার্থীরা শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলেছেন, হাত মিলিয়েছেন এবং স্লোগান দিয়েছেন- পুরো পরিবেশে নির্বাচনী উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে।
ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী ইব্রাহীম সোহাগ বলেন, সব প্যানেলের প্রার্থীদের একসঙ্গে দেখা যায়। কেউ ভোট চাইছে, কেউ প্রতিদ্বন্দ্বীদের সঙ্গেও কুশল বিনিময় করছে- এমন দৃশ্য সত্যিই খুব ইতিবাচক।
শারীরিক শিক্ষা ও স্পোর্টস সায়েন্স বিভাগের শিক্ষার্থী নিবেদিত নিতু বলেন, দুপুর থেকেই ভিড় ছিল, কিন্তু রাতে দাঁড়ানোর জায়গা ছিল না। শাটল ট্রেন আসার পর পুরো স্টেশনটাই উৎসবে পরিণত হয়।
চাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনির উদ্দিন বলেন, প্রতিটি কেন্দ্রে সর্বোচ্চ ৫০০ শিক্ষার্থীর ভোটের ব্যবস্থা করা হয়েছে। একজন শিক্ষার্থী কেন্দ্রীয় সংসদের জন্য ২৬টি এবং হল সংসদের জন্য ১৪টি, মোট ৪০টি ভোট দেবেন। শিক্ষার্থীদের সুবিধার্থে ৭০০টি বুথের পরিকল্পনা নেওয়া হয়েছে।
আগামীকাল বুধবার (১৫ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চাকসু ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে প্রার্থী রয়েছেন ৯০৭ জন। এর মধ্যে চাকসুর ২৬টি পদের বিপরীতে ৪১৫ জন এবং হল সংসদে ৪৮৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটার রয়েছেন মোট ২৭ হাজার ৫২১ জন, যার মধ্যে ছাত্র ১৬ হাজার ৮৪ জন এবং ছাত্রী ১১ হাজার ৩২৯ জন।