দূষণ ও দখলে বিপন্ন বারনই নদী
বারনই নদী রাজশাহী জেলার পবা উপজেলার নওহাটা পৌরসভায় (বাগধানী এলাকায়) শীব নদী থেকে উৎপত্তি হয়ে নাটোর জেলার সিংড়া উপজেলার শেরকোল পৌরসভায় আত্রাই নদীতে পতিত হয়েছে। নদীটির দৈর্ঘ্য প্রায় ৯৩ কিলোমিটার। সর্বোচ্চ প্রস্থ ৯১ মিটার এবং সর্বনিম্ন প্রস্থ ২৭ মিটার। গড় প্রস্থ ৫১ মিটার। নদীটি রাজশাহী ও নাটোর জেলার পবা, মোহনপুর, বাগমারা, দুর্গাপুর, পুঠিয়া, নলডাঙ্গা , নাটোর সদর এবং সিংড়া উপজেলার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। এই নদীর পরিচিতি নম্বর: এনডাব্লিউ-১০৬ (সুত্র: বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক আগস্ট ২০১১ সালে প্রকাশিত ‘বাংলাদেশের নদ-নদী’, উত্তর-পশ্চিমাঞ্চল, দ্বিতীয় সংস্করণ )।
শীব নদী: শীব নদী নওগাঁ জেলার মান্দা উপজেলার ভলাইন ইউনিয়নে আত্রাই নদী থেকে উৎপত্তি হয়ে রাজশাহী জেলার পবা উপজেলার নওহাটা পৌরসভায় বারনই নদীতে পতিত হয়েছে। এই নদীর দৈর্ঘ্য প্রায় ৭১ কিলোমিটার। নদীটি নওগাঁ ও রাজশাহী জেলার মান্দা, নিয়ামতপুর, তানোর, মোহনপুর, পবা এবং বাগমারা উপজেলার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে।
বারনই নদীটি বরেন্দ্র অঞ্চলের প্রাণ দায়িনি নদী হিসাবে পরিচিত। রাজশাহী এবং নাটোর জেলার কৃষক এবং মৎস্যজীবী সম্প্রদায়ের কাছে খুবই প্রিয় ছিল এই নদী। এ নদীর পানি দিয়ে অত্র এলাকার কৃষকরা নানা ধরনের ফসল ফলাতেন। এই নদীকে কেন্দ্র করে রাজশাহী এবং নাটোর জেলার অনেক স্থানেই জেলেপাড়া গড়ে উঠেছিল। বাগমারার তাহেরপুরের জেলেপাড়ায় এখনও রয়েছে মৎস্যজীবীদের বসবাস। এ নদীতে নানা প্রজাতির দেশী মাছ পাওয়া যেতো। বারনই নদীতে মাছ ধরে তা বিক্রি করেই জীবিকা নির্বাহ করতেন এলাকার মৎস্যজীবীরা । নদীপাড়ের মানুষ গৃহস্থালীসহ প্রাত্যহিক নানান কাজে এই নদীর পানি ব্যবহার করতেন। এই নদীতে একসময় লঞ্চ চলতো। তাহেরপুর, মোহনগঞ্জ, নলডাঙ্গা হাটের ব্যবসায়ীরা বড়-বড় নৌকায় মালামাল পরিবহন করতেন। এই নদী একসময় চলনবিলেও পানি সরবরাহ করতো!
কিন্তু দখল আর দূষণে জর্জরিত হয়ে নদীটি তার প্রাকৃতিক বৈশিষ্ট্য হারাতে বসেছে। উজানের নদী ̧লোতে পানিস্বল্পতা এবং ড্রেজিং না করার কারণে বর্ষাকাল ছাড়া এই নদীতে নাব্যতা থাকে না বললেই চলে। এর সাথে যুক্ত হয়েছে দূষণ। রাজশাহী সিটি কর্পোরেশন, নওহাটা পৌরসভা, মোহনগঞ্জ হাট, ভবানীগঞ্জ পৌরসভা, তাহেরপুর পৌরসভা, নলডাঙ্গা পৌরসভাসহ অনেকগুলো পৌরসভা ও ইউনিয়ন পরিষদের বর্জ্য ফেলা হয় বারনই নদীতে। ফলে নদীর পানি দূষিত হচ্ছে। এবং নদীতে বসবাসকারী মাছসহ অন্যান্য জলজ প্রাণী ও উদ্ভিদ তাদের আবাসস্থল হারাচ্ছে।
রাজশাহী সিটি কর্পোরেশনের তরল বর্জ্য এই নদীতে ফেলায় নদীর পরিবেশগত ভারসাম্য এখন হুমকির মুখে। নগরীর তরল বর্জ্য সিটি (পশুর হাট) হাটের পার্শ্বের ড্রেন দিয়ে দুয়ারী খালে এবং রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ ভবনের পেছনে পবা গাঙ্গপাড়ার গাঙ্গ দিয়ে বায়া বাজারের পাশের খালে গিয়ে পড়ছে। এবং পরবর্তীতে তা নওহাটায় বারনই নদীতে গিয়ে পড়ছে। এই তরল বর্জ্যরে মধ্যে রয়েছে শহরের সরকারি-বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের বর্জ্য, বিসিকসহ অন্যান্য মিল- কারখানার কেমিকেল বর্জ্য এবং নগরীর পয়ঃনিষ্কাশনের বর্জ্য । এসব তরল বর্জ্য প্রতিনিয়তই পবা উপজেলার কুজকাই খাল, পাকুড়িয়া, দুয়ারী ক্যানেল, বায়া-মহনন্দখালী খাল হয়ে বারানই নদীতে গিয়ে পড়ছে।
প্রায় ৯৩ কিলোমিটার দৈর্ঘ্যরে এই নদীপাড়ের মানুষ নদীর পানি নানা কাজে ব্যবহার করতেন। কিন্তু দূষণের কারণে নদীর পানি এখন আর তেমন ব্যবহার করা যায় না। নদীতে এখন বেশি মাছও হয় না। অনেক সময় বিভিন্ন স্থানে নদীর মাছ মরে ভেসে উঠতে দেখা যায়। নদী পাড়ের মানুষ নদীতে গোসল করে খোসপাঁচড়াসহ নানা রকম চর্মরোগে আক্রান্ত হচ্ছেন। নদীর পানি পান করে গবাদিপশু আক্রান্ত হচ্ছে নানান রোগে। অন্যদিকে এই দূষিত পানি দিয়ে কোথাও কোথাও সবজিসহ বিভিন্ন ফসলের চাষ হচ্ছে যা জনস্বাস্থ্যের জন্য হুমকি।
এছাড়া নদীতে অবৈধভাবে মাছ শিকারের নামে কিছু জায়গায় পানি আটকিয়ে করা হচ্ছে নদী দখল। এতে নদীর স্বাভাবিক পানিপ্রবাহ ব্যাহত হচ্ছে। নদীর পাশ্ববর্তী অনেক জায়গায় অবৈধভাবে অনেক স্থাপনা গড়ে তুলে নদীর জমি দখল করা হয়েছে। রাজশাহীর পবা, মোহনপুর, মোহনগঞ্জ, বাগমারা, তাহেরপুর, নলডাঙ্গা , বন্দরঘাটসহ বিভিন্ন স্থানে কম-বেশি দখলের চিত্র চোখে পড়ে। প্রাচীন যুগ থেকেই মানুষ নদীর তীরবর্তী সমতলভূমিতে বসবাস শুরু করে। নদীকে ঘিরেই সারা বিশ্বেগড়ে উঠেছে শহর, বন্দর, বাজার, লোকালয় প্রভৃতি। বিশ্বের বিভিন্ন সভ্যতার সূত্রপাত হয়েছে নদীকে কেন্দ্র করে। হাজার হাজার বছর ধরে নদী মানুষের খাদ্য ও রোজগারের প্রধান উৎস হিসেবে ভূমিকা পালন করে আসছে। মালামাল পরিবহন ও যোগাযোগের সহজ মাধ্যম হলো নদী। নদীকে কেন্দ্র করে কৃষক, মৎস্যজীবী, মাঝিসহ বিভিন্ন পেশার মানুষ তাদের জীবন-জীবিকা নির্বাহ করে থাকেন। তেমনই এক নদী হলো বারনই। প্রায় ৯৩ কিলোমিটার দৈর্ঘ্যরে এই নদীকে কেন্দ্র করেই রাজশাহী ও নাটোর জেলার অনেক গুরুত্বপূর্ণ শহর, বন্দর, গ্রাম, হাট-বাজার গড়ে উঠেছে। এই নদীতে একসময় লঞ্চ চলতো। বড় বড় নৌকায় ব্যবসায়ীরা মালামাল পরিবহন করতেন।
এই নদীর পানি দিয়ে মানুষ কৃষিসহ নানাবিধ প্রাত্যহিক কাজ করতেন। নদীতে মাছ ধরে মৎস্যজীবীরা জীবিকা নির্বাহ করতেন। অথচ দূষণ এবং দখলের কারণে বারনই নদী আজ তার স্বাভাবিক বৈশিষ্ট্য হারাতে বসেছে। ফলে কৃষক ও মৎস্যজীবীদের অনেকেই পেশা পরিবর্তন করতে বাধ্য হয়েছেন। দূষিত পানি কারণে নদীপাড়ের মানুষ নানারকম রোগ- ব্যাধীতে আক্রান্ত হচ্ছেন । ফলে নদী তার অর্থনৈতিক ̧গুরুত্বও হারিয়ে ফেলছে।
বিশ্বব্যাংকের একটি প্রতিবেদনে বলা হয়েছে, “নদী দূষণের কারণে বাংলাদেশে পরিবেশ, স্বাস্থ্য ও অর্থনীতিতে প্রতি বছর প্রায় ২৮৩ কোটি ডলারের ক্ষতি হচ্ছে। কার্যকর উদ্যোগ না নেওয়া হলে আগামী পাঁচ বছরে এ ক্ষতি দ্বিগুণ কিংবা তিন গুণ হতে পারে।” বারনই নদী রক্ষায় স্থানীয় ও জাতীয় সংবাদপত্রে অনেক সংবাদ প্রকাশিত হয়েছে। কিন্তু এই নদীর অবস্থার কোনো ইতিবাচক পরিবর্তন হয়নি। এভাবে চলতে থাকলে একদিন দেশের অনেক নদীর মতো হয়তো বারনই নদীও মৃত নদীতে পরিণত হবে।
সুপারিশ:
# সিএস রেকর্ড অনুযায়ী বারনই নদীর সীমানা চিহ্নিত করে সীমানা পিলার বসাতে হবে
# নদী দখলকারীদের উচ্ছেদ করে তাদের শাস্তির আওতায় আনতে হবে
# উৎস্য চিহ্নিত করে দূষণ বন্ধ করতে হবে
# দূষণকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে
# অবিলম্বে বারনই নদীর প্রবাহ বিঘ্নকারী সকল স্থাপনা অপসারণ এবং নদী বিরোধী সকল কার্যক্রম বন্ধ করতে হবে
# নদীপাড়ের সর্বস্তরের মানুষকে সচেতন করতে ধারাবাহিক কর্মসূচি গ্রহণ করতে হবে
লেখক : বিভাগীয় সমন্বয়কারী (রাজশাহী ও রংপুর) বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)