১,৫০০ সিভি ও অন-ক্যাম্পাস নিয়োগের সুযোগ, শেষ হলো রুয়েটের ১১তম আরসিএফ ক্যারিয়ার ফেয়ার

1,500 CVs and on-campus recruitment opportunities
রুয়েট প্রতিনিধি ১১ জুলাই ২০২৬ ০৭:৩৪ অপরাহ্ন সারা বাংলা
রুয়েট প্রতিনিধি ১১ জুলাই ২০২৬ ০৭:৩৪ অপরাহ্ন
১,৫০০ সিভি ও অন-ক্যাম্পাস নিয়োগের সুযোগ, শেষ হলো রুয়েটের ১১তম আরসিএফ ক্যারিয়ার ফেয়ার

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীদের কর্মসংস্থান, দক্ষতা উন্নয়ন এবং কর্পোরেট জগতের সঙ্গে সংযুক্ত করার লক্ষ্যে আয়োজিত দুই দিনব্যাপী ১১তম আরসিএফ (RUET Career Forum) ক্যারিয়ার ফেয়ার ২০২৬ শেষ হয়েছে। ১০ ও ১১ জুলাই অনুষ্ঠিত এ আয়োজনে দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান, মানবসম্পদ (এইচআর) বিশেষজ্ঞ, সফল বিসিএস ক্যাডার ও উচ্চশিক্ষাবিষয়ক বিশেষজ্ঞরা অংশ নেন।

ফেয়ারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. এস. এম. আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি ছিলেন ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার। তিনি বিভিন্ন প্রতিষ্ঠানের স্টল পরিদর্শন করে বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষা ও কর্মক্ষেত্রের বাস্তব চাহিদার মধ্যে কার্যকর সেতুবন্ধন তৈরি করে।


দুই দিনে বিভিন্ন প্রতিষ্ঠানে প্রায় ১,৫০০টি সিভি জমা দেন শিক্ষার্থীরা। পাশাপাশি Sigma Oil Industries Ltd.-এর অন-ক্যাম্পাস রিক্রুটমেন্ট কার্যক্রমে ৬০ জনের বেশি শিক্ষার্থী সরাসরি ভাইভায় অংশ নেওয়ার সুযোগ পান।

প্রথম দিনে অনুষ্ঠিত বিসিএস ক্যারিয়ার সেমিনারে রুয়েটের তিনজন সফল বিসিএস ক্যাডার শিক্ষার্থীদের প্রস্তুতির কৌশল, সময় ব্যবস্থাপনা, লিখিত ও মৌখিক পরীক্ষার অভিজ্ঞতা তুলে ধরেন। দ্বিতীয় দিনে অনুষ্ঠিত Higher Studies, IELTS and Spoken English বিষয়ক সেমিনারে বিদেশে উচ্চশিক্ষার প্রস্তুতি, আইইএলটিএস এবং আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতার জন্য প্রয়োজনীয় দক্ষতা নিয়ে আলোচনা হয়।

এছাড়া এইচআর সামিটে Walton, PRAN Group, RFL Group, BSRM ও MGI-সহ বিভিন্ন প্রতিষ্ঠানের মানবসম্পদ প্রতিনিধিরা বর্তমান চাকরির বাজার, নিয়োগ প্রক্রিয়া, কর্পোরেট সংস্কৃতি এবং সফট স্কিল বিষয়ে শিক্ষার্থীদের দিকনির্দেশনা দেন। প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণকারীরা সরাসরি কর্পোরেট প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ পান।

১১ জুলাই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে অনুষ্ঠিত সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এস. এম. আব্দুর রাজ্জাক। অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতা ও বিশেষ কার্যক্রমে অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়।

সমাপনী অনুষ্ঠানে রুয়েট ক্যারিয়ার ফোরামের সভাপতি ফজলে রাব্বি বলেন, এক দশকেরও বেশি সময় ধরে এ ক্যারিয়ার ফেয়ার শিক্ষার্থীদের ক্যারিয়ার পরিকল্পনা, দক্ষতা উন্নয়ন এবং কর্পোরেট সংযোগ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। এবারের আয়োজনও সেই ধারাবাহিকতাকে আরও সমৃদ্ধ করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এবারের ফেয়ারে Walton, BSRM, PRAN Group, RFL Group, MGI, Navana, Sigma Oil Industries Ltd., Echologyx Ltd., Orbeetal, Mentors এবং Nextzen Civil-সহ বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নেয়। আয়োজকদের মতে, চাকরির আবেদন গ্রহণের পাশাপাশি অন-ক্যাম্পাস নিয়োগ, কর্পোরেট নেটওয়ার্কিং, বিসিএস প্রস্তুতি, উচ্চশিক্ষা এবং দক্ষতা উন্নয়ন–সংক্রান্ত নানা আয়োজনের মাধ্যমে এবারের ক্যারিয়ার ফেয়ার শিক্ষার্থীদের জন্য একটি পূর্ণাঙ্গ ক্যারিয়ার প্ল্যাটফর্ম হিসেবে ভূমিকা রেখেছে।