রাজশাহী জিপিও'তে ছাঁটাইকৃত ১৩ কর্মচারীকে পুনর্বহাল করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

GPO warns of tough agitation if 13 laid-off employees are not reinstated
আবুল কালাম আজাদ ১৯ আগস্ট ২০২৬ ০৫:২৭ অপরাহ্ন সারা বাংলা
আবুল কালাম আজাদ ১৯ আগস্ট ২০২৬ ০৫:২৭ অপরাহ্ন
রাজশাহী জিপিও'তে ছাঁটাইকৃত ১৩ কর্মচারীকে পুনর্বহাল করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি
রাজশাহী জেনারেল পোস্ট অফিসের (জিপিও) ১৩ জন দৈনিক মজুরিভিত্তিক কর্মচারীকে কাজ থেকে বাদ দেওয়ার অভিযোগ উঠেছে।

কোনো পূর্বঘোষণা বা নোটিশ ছাড়াই রাজশাহী জেনারেল পোস্ট অফিসের (জিপিও) ১৩ জন দৈনিক মজুরিভিত্তিক কর্মচারীকে কাজ থেকে বাদ দেওয়ার অভিযোগ উঠেছে। এ সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান করেছেন শ্রমিকেরা। তাঁদের দাবি, হঠাৎ চাকরি হারিয়ে ১৩টি পরিবার এখন চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছে।


বুধবার (১৯ আগস্ট) দুপুরে নগরের লক্ষ্মীপুরে রাজশাহী জিপিওর প্রধান ফটকের সামনে বাংলাদেশ দৈনিক মজুরিভিত্তিক কর্মচারী সমিতি, রাজশাহী বিভাগের উদ্যোগে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।



মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তারা অভিযোগ করেন, কোনো নিয়ম-নীতির তোয়াক্কা না করে এবং পূর্ব কোনো নোটিশ ছাড়াই ১৩ জন কর্মচারীকে একতরফাভাবে কাজ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এতে হঠাৎ করেই তাঁদের পরিবারের আয়ের পথ বন্ধ হয়ে গেছে।


বক্তারা বলেন, শ্রমিকদের সঙ্গে এমন আচরণ অমানবিক ও অন্যায়। তাঁরা দাসত্ব করতে চান না; শ্রমের যথাযথ স্বীকৃতি এবং চাকরির ন্যূনতম নিশ্চয়তা চান। দ্রুত ছাঁটাইয়ের সিদ্ধান্ত প্রত্যাহার করে কর্মচারীদের স্বপদে পুনর্বহালের দাবি জানান তাঁরা।

মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ দৈনিক মজুরিভিত্তিক কর্মচারী সমিতির রাজশাহী বিভাগীয় সভাপতি ইকবাল হোসেন। বক্তব্য দেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব ও সহ-সাধারণ সম্পাদক পায়েল হোসেন।


এ সময় উপস্থিত ছিলেন বিভাগীয় কমিটির সদস্য এবং রেশম উন্নয়ন বোর্ড শ্রমিক দলের সাধারণ সম্পাদক জসীমউদ্দীন তাসেনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।


সমাবেশে বক্তারা দ্রুত ১৩ কর্মচারীকে স্বপদে পুনর্বহালের দাবি জানিয়ে বলেন, দাবি মেনে নেওয়া না হলে পরবর্তীতে আরও কঠোর ও বেগবান আন্দোলন গড়ে তোলা হবে।


মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ শেষে আন্দোলনকারীদের পক্ষ থেকে রাজশাহী জিপিও প্রধানের কাছে দাবিসংবলিত একটি স্মারকলিপি দেওয়া হয়।