রাজশাহীতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

Volunteer Party demonstration march and protest rally
ছোটন সরদার ২২ নভেম্বর ২০২৬ ০৭:১৮ অপরাহ্ন সারা বাংলা
ছোটন সরদার ২২ নভেম্বর ২০২৬ ০৭:১৮ অপরাহ্ন
রাজশাহীতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে মহানগর স্বেচ্ছাসেবক দল।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সারা দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে মহানগর স্বেচ্ছাসেবক দল।

রোববার (২২ নভেম্বর) বিকেল ৪টা ৩৫ মিনিটে নগরীর বাটার মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি সোনাদীঘির মোড়, মনিচত্বর ও সাহেব বাজার জিরোপয়েন্ট হয়ে আবার বাটার মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রায় ১৫০ থেকে ১৭০ জন নেতাকর্মী অংশ নেন।

রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মীর তারেকের নেতৃত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন সদস্যসচিব আসাদুজ্জামান জনি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইদ আলী ও সদস্য সৈকত পারভেজ। এ ছাড়া মহানগর স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং নগরীর বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতারা অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিন পর একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। দেশ যখন শান্তিপূর্ণভাবে পরিচালিত হচ্ছে, তখন দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে আওয়ামী লীগ রাতের আঁধারে বিভিন্ন অফিস-আদালত, যানবাহন ও মানুষের বাড়িতে অগ্নিসংযোগ করছে বলে তাঁরা অভিযোগ করেন। তাঁরা বলেন, আওয়ামী লীগ অতীতের মতো আবারও জ্বালাও-পোড়াও কর্মকাণ্ড শুরু করেছে।

বক্তারা আরও বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের যেখানেই পাওয়া যাবে, সেখান থেকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হবে। আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত তাঁদের আন্দোলন অব্যাহত থাকবে বলেও ঘোষণা দেন তাঁরা।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ কর্মসূচিতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সচেতন থাকার আহ্বান জানানো হয়।