রাজশাহীতে টাকার বিনিময়ে পদ দেওয়ার অভিযোগে যুবদলের দুই নেতার বাড়ি ঘেরাও
টাকার বিনিময়ে রাজশাহী মহানগর যুবদলের পদ দেওয়া হচ্ছে- এমন অভিযোগ তুলে সংগঠনটির আহ্বায়ক শরিফুল ইসলাম জনি ও সদস্যসচিব রফিকুল ইসলাম রবির বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করেছেন পদবঞ্চিত নেতা-কর্মীরা।
শনিবার (২১ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে নগরের রাজারহাতা এলাকায় সদস্যসচিব রফিকুল ইসলাম রবির ভাড়া বাসার সামনে অবস্থান নেন বিক্ষোভকারীরা। রাত ১২টা পর্যন্ত তাঁরা সেখানে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন। এ সময় রবি বাসায় থাকলেও বাইরে আসেননি।
পরে বিক্ষোভকারীরা নগরের ডিঙ্গাডোবা এলাকায় আহ্বায়ক শরিফুল ইসলাম জনির বাসার সামনে গিয়ে বিক্ষোভ করেন। তবে বাসাটি তালাবদ্ধ থাকায় কিছুক্ষণ অবস্থানের পর তাঁরা ফিরে যান। রোববার বিকেলেও বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালনের কথা জানিয়েছেন তাঁরা।
২০২২ সালে রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। ওই কমিটির আহ্বায়ক ছিলেন মাহফুজুর রহমান রিটন। ২০২৫ সালে তিনি মহানগর বিএনপির সাধারণ সম্পাদক হলে তাঁর পদটি শূন্য হয়। পরে সিনিয়র যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম জনিকে ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়। পরবর্তী সময়ে তিনি আহ্বায়ক হন।
এর মধ্যে যুবদলের কয়েকজন নেতা বিএনপিতে যোগ দেওয়ায় গত ১৫ জুলাই মহানগর যুবদলে নতুন করে আটজনকে যুগ্ম আহ্বায়ক করা হয়। সর্বশেষ শনিবার আরও ১৫ জনকে কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। বিএনপিতে যোগ দেওয়া ও মৃত্যুজনিত কারণে শূন্য হওয়া পদ পূরণে তাঁদের অন্তর্ভুক্ত করা হয়েছে বলে যুবদলের কেন্দ্রীয় কমিটির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
নতুন করে ১৫ জনকে অন্তর্ভুক্ত করার পর পদবঞ্চিত নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। বিশেষ করে মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি আকবর আলী জ্যাকিকে স্বাক্ষর ক্ষমতাসহ সিনিয়র যুগ্ম আহ্বায়কের পদ দেওয়ার বিষয়টি নিয়ে আপত্তি জানিয়েছেন তাঁরা।
শনিবার রাতের বিক্ষোভে অংশ নেওয়া গত ১৫ জুলাই যুগ্ম আহ্বায়কের পদ পাওয়া নেতা আরিফুজ্জামান সোহেল বলেন, জ্যাকি আগে ছাত্রদলের সভাপতি ছিলেন। অন্য সংগঠন থেকে এসে যুবদলে এত বড় পদ দেওয়া নিয়ে তাঁদের আপত্তি রয়েছে। তাঁর দাবি, দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রামে থাকা নেতা-কর্মীরা মামলা, হামলা ও কারাভোগ সহ্য করেও মূল্যায়ন পাচ্ছেন না।
সোহেল আরও অভিযোগ করেন, যুবদলকে একজন নেতার নিয়ন্ত্রণে রাখতেই নতুনদের বড় পদ দেওয়া হচ্ছে। এসব পদায়নে অর্থের লেনদেন হয়েছে বলেও দাবি করেন তিনি। তবে এ অভিযোগের পক্ষে কোনো প্রমাণের কথা তিনি উল্লেখ করেননি।
অভিযোগের বিষয়ে মহানগর যুবদলের সদস্যসচিব রফিকুল ইসলাম রবি বলেন, অনেক ত্যাগী নেতা কমিটিতে আসতে পারেননি। একই কমিটিতে বারবার নতুন করে নেতা অন্তর্ভুক্ত করা হচ্ছে। এতে নেতা-কর্মীদের মধ্যে আবেগ ও ক্ষোভ তৈরি হওয়া স্বাভাবিক। আলোচনা করে বিষয়টি সমাধানের চেষ্টা করা হবে। তাঁদের ক্ষোভ ও অভিমানের কথা কেন্দ্রীয় কমিটিকে জানানো হবে।
অন্যদিকে, আহ্বায়ক শরিফুল ইসলাম জনি নিজের ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘অর্থ ও স্বার্থের লোভে পদায়িত হওয়া কিংবা পদায়িত করা কোনোটাই আমার চরিত্রের সঙ্গে যায় না।’