ভালো কাজে সরকারের পাশে থাকব, ভুল হলে প্রতিবাদ: শফিকুর রহমান

Dr. Shafiqur Rahman
অনলাইন ডেস্ক ২২ নভেম্বর ২০২৬ ০৭:০৭ অপরাহ্ন রাজনীতি
অনলাইন ডেস্ক ২২ নভেম্বর ২০২৬ ০৭:০৭ অপরাহ্ন
ভালো কাজে সরকারের পাশে থাকব, ভুল হলে প্রতিবাদ: শফিকুর রহমান
জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।--সংগৃহীত ছবি

জাতীয় স্বার্থে সরকারের ভালো উদ্যোগে সমর্থন দেওয়া হবে, তবে ভুল হলে প্রতিবাদ জানানো হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। একই সঙ্গে বৈষম্যহীন, মানবিক ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে প্রবাসীসহ দেশ-বিদেশের সব নাগরিককে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

রোববার (২২ নভেম্বর) স্থানীয় সময় বিকেল ৪টা ১৫ মিনিটে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের ক্যাম্পবেলটাউনে প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে ‘জুলাই অভ্যুত্থান ও তার পরবর্তী সময়: ভয়েসেস ফ্রম অস্ট্রেলিয়া’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জামায়াত আমির। অনুষ্ঠানে বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশ নেন। এ সময় তাঁকে ফুল দিয়ে বরণ ও সংবর্ধনা জানানো হয়।

ডা. শফিকুর রহমান বলেন, জাতীয় স্বার্থে সরকারের ভালো কাজের প্রতি সমর্থন জানানো প্রয়োজন হলে আমরা তা করব। আর কোনো ভুল হলে প্রতিবাদ জানাব। বিরোধী দলের দায়িত্ব হচ্ছে জনগণের অধিকার ও স্বার্থের পক্ষে কথা বলা।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের রায়কে সম্মান জানাতে হবে। যোগ্য ও সৎ ব্যক্তিদের নিয়ে দেশ পরিচালনা করতে হবে এবং দুর্নীতির ঊর্ধ্বে থাকতে হবে। দেশের চলমান সন্ত্রাস, নৈরাজ্য ও দুর্নীতি বন্ধের পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশে বিরোধীদলীয় নেতা বলেন, শুধু আর্থিক রেমিট্যান্স নয়, প্রবাসীদের মেধা, জ্ঞান, অভিজ্ঞতা ও গবেষণালব্ধ অর্জনও দেশের উন্নয়নে কাজে লাগাতে চাই। আমরা মেধাভিত্তিক অবদানের পক্ষে কথা বলতে এসেছি। বিশ্বের বিভিন্ন দেশে থাকা মেধাবী বাংলাদেশিরা যেন জন্মভূমিতে ফিরে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারেন, সে ধরনের পরিবেশ তৈরি করতে চাই। আল্লাহ আমাদের সেই সুযোগ দিলে তাঁদের সঙ্গে অতিথির মতো নয়, ভাই, সন্তান ও পিতার মতো আচরণ করব।


জুলাই অভ্যুত্থানের স্মৃতিচারণ করে জামায়াত আমির বলেন, জুলাইয়ের যোদ্ধারা এখনো জীবিত আছেন। তাঁদের অনেকের হাত-পা নেই, কেউ চোখ হারিয়েছেন। তবে তাঁরা মনোবল হারাননি। আমি আহত যোদ্ধাদের কাছে জানতে চেয়েছি, জাতির প্রয়োজনে তাঁরা আবারও লড়াই করতে পারবেন কি না। তাঁরা বলেছেন, একটি পা হারিয়েছি, অন্য পা তো আছে; ক্রাচে ভর করেও দেশের জন্য লড়াই করব। জাতির প্রয়োজনে তাঁরা আবারও জেগে উঠবেন।


জুলাই-পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, গণভোটে জনগণ যে রায় দিয়েছেন, তা বাস্তবায়ন করতে হবে। জুলাই সনদ ও গণভোটের রায় কার্যকরের দাবিতে আমরা সংসদেও কথা বলেছি। জনগণের রায় উপেক্ষা করে বাংলাদেশে রাজনীতি চলতে পারে না। জনগণের আকাঙ্ক্ষার প্রতি সম্মান জানিয়ে রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করতে হবে। এ বিষয়ে আমাদের অবস্থান অত্যন্ত স্পষ্ট। কোনো চাপ বা প্রলোভনে আমরা আদর্শ ও অঙ্গীকার থেকে সরে আসব না।


ডা. শফিকুর রহমান আরও বলেন, কোনো দল বা ব্যক্তি আমাদের শত্রু নয়। কোনো দল বা ব্যক্তি দেশের বিরুদ্ধে অপকর্ম করলে সেই অপকর্মই আমাদের প্রতিপক্ষ। আমরা ঐক্যবদ্ধ, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ চাই। বাংলাদেশ একদিন বদলাবে এবং এ পরিবর্তনের সারথি হবেন দেশের জনগণ।


অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের পক্ষ থেকে বক্তব্য দেন পশ্চিম সিডনির ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিলের কাউন্সিলর মাসুদ খলিল। অনুষ্ঠান সঞ্চালনা করেন একাডেমিক ও গবেষক, রাজনৈতিক বিশ্লেষক এবং সাউথ এশিয়ান পলিসি ইনিশিয়েটিভ ও গ্লোবাল ভয়েস ফর হিউম্যানিটির নির্বাহী পরিচালক শিবলী সোহাইল। এ ছাড়া সঞ্চালনায় ছিলেন ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আবু ইউসুফ ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসিফ ইকবাল।


অনুষ্ঠানে অস্ট্রেলিয়ায় বসবাসরত বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশ নেন। তাঁদের মধ্যে উপস্থিত প্রতিনিধিরা বক্তব্যের মাধ্যমে প্রবাসীদের প্রত্যাশার কথা তুলে ধরেন।


এ সময় আরও উপস্থিত ছিলেন ডা. মোসলেহ উদ্দিন ফরিদ, বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান, ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট ডা. এস এম খালিদুজ্জামান এবং বিরোধীদলীয় নেতার সহকারী একান্ত সচিব মুহাম্মদ নজরুল ইসলাম।