রাজশাহীতে তফসির মাহফিল ঘিরে পকেটমারার প্রস্তুতিকালে ৬৫ নারী পকেটমার আটক

65 female pickpockets arrested
আবুল কালাম আজাদ, রাজশাহী:- ২৮ নভেম্বর ২০২৬ ০৪:২৩ অপরাহ্ন আইন-আদালত
আবুল কালাম আজাদ, রাজশাহী:- ২৮ নভেম্বর ২০২৬ ০৪:২৩ অপরাহ্ন
রাজশাহীতে তফসির মাহফিল ঘিরে পকেটমারার প্রস্তুতিকালে ৬৫ নারী পকেটমার আটক
রাজশাহীতে ড. মিজানুর রহমান আজহারীর তাফসির মাহফিলকে কেন্দ্র করে পকেটমারার প্রস্তুতিকালে সংঘবদ্ধ চক্রের ৬৫ নারীকে আটক করেছে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।

​রাজশাহীতে বিশিষ্ট ইসলামি আলোচক ড. মিজানুর রহমান আজহারীর তাফসির মাহফিলকে কেন্দ্র করে পকেটমারার প্রস্তুতিকালে সংঘবদ্ধ চক্রের ৬৫ নারীকে আটক করেছে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। 

শনিবারের (২৮ নভেম্বর) মাহফিলস্থল ঐতিহাসিক মাদ্রাসা মাঠে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

​আরএমপির মুখপাত্র ও গোয়েন্দা শাখার উপপুলিশ কমিশনার মো. গাজিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক নারীরা দেশের বিভিন্ন জেলা থেকে রাজশাহীতে এসেছেন। মাহফিলে আগত মানুষের ভিড়কে কাজে লাগিয়ে স্বর্ণালংকার, মুঠোফোন ও নগদ অর্থ হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যে তারা সেখানে অবস্থান নিয়েছিলেন। গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।

​পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শনিবার (২৮ নভেম্বর) বিকেল ৩টায় রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে ওলামা-মাশায়েখ পরিষদের আয়োজনে এ তাফসির মাহফিল শুরু হওয়ার কথা রয়েছে। মাহফিলে প্রধান বক্তা হিসেবে বয়ান করবেন ড. মিজানুর রহমান আজহারী।

​রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর আমির ডা. মোহাম্মদ জাহাঙ্গীরের সভাপতিত্বে আয়োজিত এ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর। আয়োজকদের ধারণা, এ মাহফিলে যোগ দিতে রাজশাহীসহ দেশের বিভিন্ন জেলা থেকে কয়েক লাখ ধর্মপ্রাণ মানুষের সমাগম ঘটতে পারে।

​বিপুলসংখ্যক মানুষের সমাগম ও ধর্মীয় আয়োজনকে ঘিরে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ও পকেটমারার মতো অপরাধ প্রতিরোধে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ডিসি ডিবি মো. গাজিউর রহমান জানান, আটককৃতদের পরিচয় যাচাই ও জিজ্ঞাসাবাদ চলছে এবং মাহফিল এলাকায় গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। একই সঙ্গে বিপুল জনসমাগমে চলাফেরার সময় মুসল্লিদের নিজ নিজ মূল্যবান সামগ্রী ও অর্থের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে পুলিশ।