কক্সবাজারে ভারি বৃষ্টিপাত॥ পাহাড় ধসে ৬ জনের মৃত্যু
ককক্সবাজার সদর ও রোহিঙ্গা ক্যাম্পে পৃথক পাহাড় ধসে একই পরিবারের তিনজন সহ ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার মধ্যরাতে কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নে ভারী বৃষ্টিপাতে পাহাড় ধসের ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতরা হলো দক্ষিণ ডিককুলের মিজানুর রহমানের স্ত্রী আখি মনি, তাঁর দুই মেয়ে মিহা জান্নাত নাঈমা ও লতিফা ইসলাম। জীবিত উদ্ধার করা হয়েছে মিজানুর রহমানকে।
বিজয় বাংলা প্রতিদিনকে এলাকাবাসী জানান, মধ্যরাতের এই ধসে পাহাড়ের মাটি গিয়ে মিজানুর রহমানের ঘরের ওপর পড়ে। এতে ঘরে থাকা আখি মনি ও দুই মেয়েসহ চারজন মাটিচাপা পড়ে।
এলাকাবাসী খবর পেয়ে মাটি খুঁড়ে মিজানুর রহমানকে জীবিত উদ্ধার করলেও তাৎক্ষণিক তাঁর স্ত্রী ও দুই মেয়েকে উদ্ধার করতে পারেনি। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে তিনজনের মরদেহ উদ্ধার করে।
এদিকে শুক্রবার ভোরে উখিয়ার হাকিমপাড়া ১৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে তিনজন মারা গেছে। তবে প্রাথমিকভাবে তাদের পরিচয় জানা যায়নি। কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার দোলন আশ্চর্য এসব তথ্য নিশ্চিত করেন।
বৃহস্পতিবার বিকেল থেকে টানা বৃষ্টি হচ্ছিল কক্সবাজারে৷ বৃষ্টিতে ডুবন্ত বিভিন্ন এলাকা। দূর্ভোগের শেষ নেই মানুষের। আবহাওয়ার সর্তকতা বার্তা জানিয়ে মাইকিং করছে জেলা প্রশাসন, পৌরসভা ও রেডক্রিসেন্ট সোসাইটি।