মুক্তিযুদ্ধের গল্প শোনার আসর

The story of the liberation war
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: ৩১ অক্টোবর ২০২৪ ০৪:৪৯ অপরাহ্ন মতামত
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: ৩১ অক্টোবর ২০২৪ ০৪:৪৯ অপরাহ্ন
মুক্তিযুদ্ধের গল্প শোনার আসর

 


বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার বন্ধুদের নিয়ে মুক্তিযুদ্ধের গল্প শোনার আসর করেছে চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভা। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর একটা পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ শহরের জেলা স্কাউটস ভবনে এ আসর অনুষ্ঠিত হয়। 

সংগঠনের সভাপতি আরাফাত মিলেনিয়ামের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন। মুক্তিযুদ্ধের স্মৃতি রোমন্থন করেন চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার হরিপুর মহল্লার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম (৬৯)। 

এসময় তিনি মুক্তিযুদ্ধকালীন নানা স্মৃতির ঝাঁপি খুলে ধরেন। বর্ণনা করেন মুক্তিযুদ্ধ চলাকালীন পাক হানাদার বাহিনী ও রাজাকারদের অত্যাচার-নির্যাতনের ঘটনা। জীবনের ঝুঁকি নিয়ে সংগ্রাম চালিয়ে যাবার বিভিন্ন ঘটনাও তুলে ধরেন তিনি। যা শুনে উপস্থিত বন্ধুদের কারও চোখ সিক্ত হয়ে যায়। ঘটনাগুলো সকলের মনে গভীর দাগ কাটে।

এসময় তিনি বন্ধুদের আহ্বান জানিয়ে বলেন, মুক্তিযুদ্ধ আমাদের আদর্শ। আমরা যেন মুক্তযুদ্ধকে না ভুলি। আমাদের মুক্তিযুদ্ধ ছিল বৈষম্যের বিরুদ্ধে লড়াই। অধিকার আদায়ের লড়াই। আমাদের সম্মানের লড়াই। কিন্তু যে বৈষম্যের বিরুদ্ধে আমরা লড়াই করেছিলা তা আজও বিদ্যমান রয়েছে। এসব বৈষম্য দেখে শরীরের রক্ত ফুটে ওঠে। কিন্তু প্রতিবাদ করার বা লড়াই করার সামর্থ্য বয়সের কাছে হার মেনেছে। কিন্তু এসব বৈষম্যের বিরুদ্ধে আমাদের দাঁড়াতে হবে। প্রতিবাদ জানাতে হবে। বৈষম্য দূর করে নতুন বাংলাদেশ সৃষ্টি করতে হবে। রেখে যেতে হবে আগামীর প্রজন্মের জন্য বৈষম্যহীন একটি সমাজব্যবস্থা।

প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বন্ধু ফারাহ্ উলফাৎ অর্পিতা বলেন, স্বাধীনতা সংগ্রামের ইতিহাস আমরা বইয়ে পড়েছি। কিন্তু আজ প্রথমবারের মত সরাসরি কোন মুক্তিযোদ্ধার কাছ থেকে শুনলাম। ঘটনাগুলো শুনে গায়ে কাটা দিয়েছে। সরাসরি শুনে খুব ভালো লাগলো। আমরা তা মনে রাখার চেষ্টা করবো। 

বন্ধু এ এইচ এম মাহিমুল আজম বলে, আমরা বইয়ে পড়েছি মুক্তিযুদ্ধ সম্পর্কে। আজ সরাসরি একজন মুক্তিযোদ্ধার কাছ থেকে মুক্তিযুদ্ধের বর্ণনা শুনলাম। ইচ্ছে হচ্ছে, তখন যদি জন্মগ্রহণ করতাম, তবে মুক্তিযুদ্ধে অংশ নিতে পারতাম। মুক্তিসংগ্রামের চেতনাকে আমরা লালন করি। আগামীতেও তা থাকবে আমাদের হৃদয়ে। 

প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে সংগঠনের পাঠচক্র সম্পাদক আনিফ রুবেদ ধরা গলায় বলেন, আমার বড় চাচা ছিলেন একজন মুক্তিযোদ্ধা। তাঁকে পাকিস্তানি বাহিনীর কাছে ধরিয়ে দিয়েছিল আমাদেরই এলাকার রাজাকাররা। পরিবারের সদস্যরা অনেকদিন রাজাকারের মাধ্যমে পাকিস্তানি বাহিনীর কাছে ঘুরলেও তাঁর লাশ ফেরত পায়নি। দেশকে স্বাধীন করতে যারা শহীদ হয়েছেন, যারা যুদ্ধ করেছেন তাঁদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে আমাদের। কৃতজ্ঞ থাকতে হবে।

চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার সভাপতি আরাফাত মিলেনিয়াম বলেন, মহান মুক্তিযুদ্ধ আমাদের চেতনা। এ চেতনাকে আমাদের বুকে লালন করতে হবে। মুক্তিযুদ্ধ না হলে আমরা স্বাধীনতার স্বাদ পেতাম না। অনেক ত্যাগ-তীতিক্ষা ও রক্তের বিনিময়ে অর্জিত এ দেশ। এ স্বাধীনতা রক্ষা করতে হবে। সকল বৈষম্যের বিরুদ্ধে আমাদের দাঁড়াতে হবে। 

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি মো. আসাদুজ্জামান, সহ-সাংগঠনিক সম্পাদক আসিফ আহমেদ ফাহিম, জেন্ডার ও সমতা বিষয়ক সম্পাদক আলী উজ্জামান নূর, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক জাহিদ হাসান, বন্ধু ফাতিমা খাতুন, ফাবিহা ফারজানা, হাবিবা বিনতে সিফা, আল মাহমুদ, নাফিউল হাসান, মঈন আহমেদ, সাকিব ইসলাম, সোহান আলী, জুবায়ের আহমেদ, আহমেদ ওয়ালিদ, রকিবুল ইসলাম, মেরাজুল ইসলাম, সারওয়ার জাহান নাসিমসহ অন্য বন্ধুরা।