বাজার থেকে উধাও বোতলজাত সয়াবিন তেল

Soybean oil
অনলাইন ডেস্ক : ০৮ ডিসেম্বর ২০২৪ ০৬:২৭ অপরাহ্ন অর্থনীতি
অনলাইন ডেস্ক : ০৮ ডিসেম্বর ২০২৪ ০৬:২৭ অপরাহ্ন
বাজার থেকে উধাও বোতলজাত সয়াবিন তেল
.....সংগৃহীত ছবি

রাজধানীর ডেমরার বিভিন্ন বাজারে বোতলজাত সয়াবিন তেলের তীব্র সংকট দেখা দেওয়ায় সাধারণ ক্রেতারা চরম ভোগান্তির মুখে পড়েছেন। ডিলারদের সরবরাহ সংকট এবং শর্তাধীন বিক্রির কারণে দোকানদাররা খোলা সয়াবিন তেল বিক্রির দিকে ঝুঁকেছেন। ফলে খোলা তেলের দাম ১৯০ টাকায় পেঁৗছেছে, যা বোতলজাত তেলের তুলনায় অনেক বেশি। ক্রেতাদের অভিযোগ, কিছু অসাধু ব্যবসায়ী বোতলজাত তেল কেটে ড্রামে ভরে খোলা তেলের দামে বিক্রি করছেন, এতে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দাম গুনতে হচ্ছে। ভোক্তারা সঠিক সরবরাহ নিশ্চিত এবং তেলের বাজারে স্বচ্ছতা আনতে সরকারের কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন।

সরেজমিনে ডেমরার প্রধান বাজারগুলো ডেমরা বাজার, সারুলিয়া বাজার, স্টাফ কোয়ার্টার, কোনাপাড়া, ডগাইর, এবং আমুলিয়া এলাকায় ঘুরে দেখা গেছে, অধিকাংশ দোকানে বোতলজাত সয়াবিন তেলের তীব্র সংকট। দোকানদাররা অভিযোগ করেছেন, ডিলারদের শর্ত এবং সঠিক সময়ে সরবরাহ না পাওয়ার কারণে তারা বাধ্য হয়ে খোলা তেল বিক্রি করছেন। তবে, খোলা তেলেরও বর্তমান দাম অনেক বেশি, যার ফলে তাদেরও বেশি দামে বিক্রি করতে হচ্ছে। দোকানদারদের মতে, ডিলাররা আগে প্রতি সপ্তাহে তেল সরবরাহ করলেও এখন অর্ডার নেওয়ার পরও তা সময়মতো সরবরাহ করছেন না। অনেক ক্ষেত্রে তেলের সঙ্গে কম চাহিদাসম্পন্ন অন্যান্য পণ্য কিনতে বাধ্য করা হচ্ছে, যা ক্ষুদ্র ব্যবসায়ীদের আর্থিক চাপ আরও বাড়াচ্ছে। এ পরিস্থিতিতে খোলা তেল বিক্রি করা ছাড়া আর কোনো উপায় নেই বলে জানিয়েছেন তারা।

এ বিষয়ে একাধিক দোকানদার জানান, ডিলারকে তেলের অর্ডার দিলেও সঠিক সময়ে সরবরাহ পাওয়া যাচ্ছে না। বর্তমানে তাদের দোকানে বোতলজাত সয়াবিন তেলের মজুদ নেই, ফলে বাধ্য হয়ে খোলা তেল বিক্রি করতে হচ্ছে। তবে খোলা তেলের দামও এখন চড়া। পাইকারি দরে খোলা সুপার অয়েল প্রতি কেজি ১৭৮ টাকায় কিনতে হচ্ছে, যার সঙ্গে পরিবহন খরচ যোগ করে খরচ দাঁড়াচ্ছে ১৮০ টাকা। খুচরা বাজারে এই তেল বিক্রি করতে হচ্ছে ১৮৫ থেকে ১৯০ টাকায়। পাম অয়েলের ক্ষেত্রেও একই অবস্থা। পাইকারি দরে প্রতি কেজি ১৬৮ টাকায় কিনতে হয়, পরিবহন খরচসহ তা ১৭০ টাকা হয় এবং খুচরা বাজারে এটি বিক্রি হচ্ছে ১৭৫ থেকে ১৮০ টাকায়। এ পরিস্থিতিতে ক্রেতারা যেমন বেশি দাম দিয়ে তেল কিনতে বাধ্য হচ্ছেন, তেমনি দোকানদাররাও চরম আর্থিক চাপে পড়ছেন। আরো জানান, অনেক ডিলার শর্ত দিচ্ছে, একটি বোতলজাত সয়াবিন তেল কিনতে হলে সঙ্গে ১২ প্যাকেট পোলাও চাল বা অন্যান্য কম চাহিদাসম্পন্ন পণ্যও কিনতে হবে। এতে দোকানের পুঁজি আটকে যাওয়ার ঝুঁকি তৈরি হচ্ছে, যা ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বড় ধরনের সমস্যা। তিনি বলেন, বোতলজাত তেলের বিক্রয়ে লাভের পরিমাণ অত্যন্ত সামান্য। তাছাড়া বাজারের বর্তমান পরিস্থিতিতে কম চাহিদাসম্পন্ন পণ্য রাখার ঝুঁকি নিতে রাজি নন। ফলে তিনি এবং তার মতো অনেক দোকানদাদের পক্ষে তেল বিক্রি করা অসম্ভব হয়ে পড়ছে। এ অবস্থায় ব্যবসা পরিচালনা ক্রমশ কঠিন হয়ে উঠছে। এছাড়া, ছোট—বড় দোকানদারেরা জানিয়েছেন, কোম্পানি বা ডিস্ট্রিবিউটরদের পক্ষ থেকে সরবরাহ কম থাকায় এ সংকট সৃষ্টি হয়েছে। তাদের পক্ষ থেকে সঠিক সময়ে এবং পরিমাণমতো তেল সরবরাহ করা হচ্ছে না। তারা আশঙ্কা করছেন, এই সংকট যদি দীর্ঘস্থায়ী হয়, তাহলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।

স্থানীয়দের দাবি, ডেমরার বাজারগুলোতে বোতলজাত সয়াবিন তেল পাওয়া যাচ্ছে না বললেই চলে, যা ক্রেতাদের জন্য বড় ধরনের বিপত্তি সৃষ্টি করেছে। ১ লিটার তেলের দাম ১৬৭ টাকা, ২ লিটার ৩৩৪ টাকা, এবং ৫ লিটার ৮১৮ টাকা থাকলেও বর্তমানে এই দামে তেল বাজারে পাওয়া যাচ্ছে না। কিছু দোকানে পাওয়া গেলেও দাম  বেশি। সয়াবিন তেলের সংকটের সুযোগ নিয়ে কিছু অসাধু ব্যবসায়ী বোতলজাত তেল কেটে ড্রামে ভরে তা খোলা তেলের দামে বিক্রি করছেন, যা নির্ধারিত মূল্যের চেয়ে অনেক বেশি। এতে সাধারণ মানুষ আর্থিক ক্ষতির মুখে পড়ছেন। ক্ষুব্ধ ক্রেতারা জানান, দোকানগুলোতে তেল নেই বা যেখানে পাওয়া যাচ্ছে, সেখানে উচ্চমূল্য চাওয়া হচ্ছে। ক্রেতারা দ্রুত তেলের সরবরাহ নিশ্চিত করতে এবং বাজারে সঠিক তদারকির মাধ্যমে এই সংকট সমাধানে সরকারের কার্যকর হস্তক্ষেপ কামনা করছেন।

এ বিষয়ে সারুলিয়ার স্থানীয় এক ভোক্তা মো. হারুন ক্ষুব্ধভাবে বলেন, ৫ দিন আগে আমার সামনে এক দোকানদারকে বোতল কেটে ড্রামে তেল ভরতে দেখেছি। তারা বোতল কেটে ড্রামে তেল ভরে নির্ধারিত মূল্যের চেয়ে অনেক বেশি দামে বিক্রি করছে। তাদের কারণে আমরা যে চাহিদা অনুযায়ী তেল কিনবো, তাও সম্ভব হচ্ছে না। অন্যদিকে, ডেমরা বাজারে রিয়াজ বিন হেলালী নামের এক ক্রেতা বলেন, সয়াবিন তেল কিনতে এসে দেখি দোকানগুলোতে নেই, যেখানে পাওয়া যাচ্ছে, সেখানে অনেক বেশি দাম চাচ্ছে। আমরা সাধারণ মানুষ, এভাবে চলা কঠিন হয়ে যাচ্ছে। এখন থেকে তেল ছাড়াই রান্না করে খেতে হবে। কোনাপাড়া বাজারে রাজিয়া বেগম বলেন, বোতলের তেল তো মিলছেই না। খোলা তেল কিনতে হচ্ছে, সেটাও অনেক বেশি দামে। আমাদের জন্য সংসার চালানো খুব কঠিন হয়ে যাচ্ছে। ডেমরা সাধারণ মানুষ দ্রুত তেলের সরবরাহ নিশ্চিত এবং বাজার নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। তারা চান, বাজারে সঠিক তদারকির মাধ্যমে সংকট সমাধান করা হোক। 

বাজারে তেলের এই সংকট ও কারসাজির বিষয়ে প্রশাসনের সঠিক নজরদারি নেই বলে অভিযোগ করেছেন ডেমরার স্থানীয় জনগণ ও ভুক্তভোগীরা। তেলের দাম ও সরবরাহের সংকট দ্রুত সমাধান করতে প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়বে বলে আশঙ্কা করছেন। তারা তেলের বাজারে স্বচ্ছতা আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপের দাবি জানিয়েছেন। 

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ভোজ্যতেলের সরবরাহ বৃদ্ধি ও দাম স্বাভাবিক রাখতে অন্তর্বর্তী সরকার গত ১৭ অক্টোবর অপরিশোধিত সয়াবিন তেল, পরিশোধিত পাম অয়েল ও সয়াবিন বীজ তিনটি পণ্য আমদানিতে ভ্যাট ১৫ থেকে কমিয়ে ১০ শতাংশ করে। ১৯ নভেম্বর স্থানীয় উৎপাদন পর্যায়ে আরও ৫ শতাংশ ভ্যাট অব্যাহতি দিয়ে শুধু আমদানিতে ৫ শতাংশ রেখেছে। এ পদক্ষেপে বোতলজাত এবং খোলা উভয় তেল লিটারে ১০—১২ টাকা দাম কমার কথা। কিন্তু বাজারে উল্টো চিত্র। 

এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক ডিলার বলেন, কোম্পানি থেকে তেল কম আসছে। তারা ঠিক কি কারণে সরবরাহ কমিয়েছে, তা আমাদের জানা নেই। এছাড়া, চাহিদার তুলনায় সরবরাহ কম হওয়ায় সংকট প্রকট আকার ধারণ করছে।

তেলের বাজার পরিস্থিতি নিয়ে গতকাল উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বৈঠক করে ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন। সূত্র জানায়, বৈঠকে কোম্পানিগুলো স্থানীয় পর্যায়ে দাম বাড়ানোর দাবি জানায়। পরে বাণিজ্য মন্ত্রণালয় আগামী সপ্তাহে ভোজ্যতেল উৎপাদনের মিল পরিদর্শনের সিদ্ধান্ত নেয়। উৎপাদন, মজুত, আন্তর্জাতিক দর সবকিছু পর্যালোচনা করে সরকার দাম নির্ধারণ করবে বলে জানানো হয়েছে। 

এ বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলীম আখতার খান মুঠোফোনে বলেন, এ ব্যাপারে বাজার মনিটরিং করে প্রয়োজনী ব্যবস্থা নেওয়া হচ্ছে।