ডিম-মুরগির উৎপাদন বন্ধের কর্মসূচি প্রত্যাহার

Poultry production
অনলাইন ডেস্ক : ১৯ ডিসেম্বর ২০২৪ ০৫:৪১ অপরাহ্ন অর্থনীতি
অনলাইন ডেস্ক : ১৯ ডিসেম্বর ২০২৪ ০৫:৪১ অপরাহ্ন
ডিম-মুরগির উৎপাদন বন্ধের কর্মসূচি প্রত্যাহার
.....সংগৃহীত ছবি

পোল্ট্রি খাতের নানান সংকট ও সমস্যা সমাধানে সরকারের আশ্বাসে পহেলা জানুয়ারি থেকে ডিম-মুরগির উৎপাদন বন্ধের কর্মসূচি প্রত্যাহার করেছে বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন (বিপিএ)।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকেলে গণমাধ্যম পাঠানো এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠনটির সভাপতি মো. সুমন হাওলাদার।

তিনি বলেন, সরকার আমাদের ১০ দফা দাবি আগামী ২ মাসের মধ্যে পূরণ করার আশ্বাস দিয়েছে। প্রাণিসম্পদ অধিদপ্তর, কৃষি বিপণন অধিদপ্তরসহ সংশ্লিষ্টদের নিয়ে একটি বৈঠকে আনুষ্ঠানিকভাবে আমাদের সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে। সেজন্য আমরা ডিম-মুরগির উৎপাদন বন্ধের ঘোষণা থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছি। 

বৈঠকে মোট ১০ দফা দাবি জানানো হয়েছে। সেগুলো হচ্ছে—

পোলট্রি ফিড ও বাচ্চার মূল্য নিয়ন্ত্রণ, কৃত্রিম সংকট ও অসাধু ব্যবসায়ীদের অপতৎপরতা রোধে কঠোর পদক্ষেপ গ্রহণ, খামারিদের উৎপাদন খরচ কমাতে বিশেষ ভর্তুকি ও প্রণোদনার ব্যবস্থা করে শুল্ক হ্রাস করা, পোলট্রি পণ্য এবং ফিডের কাঁচামালের ওপর অযৌক্তিক কর প্রত্যাহার করে খামারিদের জন্য সহজ শর্তে ব্যাংক ঋণের ব্যবস্থা করা, একদিন বয়সী বাচ্চার ন্যায্যমূল্য নিশ্চিত করা, পোল্ট্রি রপ্তানি বাড়াতে আন্তর্জাতিক মানের প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র স্থাপন করে রপ্তানির সুযোগ সৃষ্টি করা, আধুনিক প্রযুক্তি ও প্রশিক্ষণের প্রসার করা, বিশেষ সুরক্ষা নীতি এবং প্রণোদনা প্যাকেজ ঘোষণা, পোলট্রি বোর্ড গঠন করা এবং মানসম্পন্ন ওষুধ-টিকা সরবরাহ নিশ্চিত করতে রোডম্যাপ প্রণয়ন করা।

গত ১৫ ডিসেম্বর প্রান্তিক পোল্ট্রি খামারিদের স্বার্থ রক্ষায়, কর্পোরেট কোম্পানির সিন্ডিকেট বন্ধ করার দাবিতে পহেলা জানুয়ারি থেকে সারা দেশের প্রান্তিক পোল্ট্রি খামারে ডিম ও মুরগি উৎপাদন বন্ধ করার ঘোষণা দেয় বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন (বিপিএ)।