আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট যে ব্যক্তি
আল্লাহ তাআলা মানুষকে শ্রেষ্ঠত্ব দিয়ে সৃষ্টি করেছেন। তাই আমরা নিজের বিবেক, চিন্তা ও পর্যবেক্ষণশক্তি কাজে লাগিয়ে যে কোন সিদ্ধান্ত নিতে পারে। কিন্তু এতো বুদ্ধিমান হওয়া স্বত্বেও কিছু মানুষ আল্লাহর কাছে চতুস্পদ জন্তুর চেয়েও নিকৃষ্ট।
দুনিয়ার সৃষ্টিকুলের মধ্যে শুধু জ্বিন ও মানুষকেই আল্লাহ তাআলা বিবেক ও চিন্তাশক্তি দান করেছেন। ফলে তারা নিজের জন্য অসত্য ও অকল্যাণ প্রত্যাখ্যান করতে সক্ষম। আল্লাহ চান মানুষ তাঁর দেয়া এই নেয়ামতের মূল্যায়ন করুক। চিন্তাশক্তি কাজে লাগাক। চোখে দেখে, কানে শুনে সবকিছু পর্যবেক্ষণ করে তারপর কোন সিদ্ধান্তে উপনীত হোক।
কিন্তু মানুষ যখন নিজের চিন্তাশক্তি অকেজো করে রাখে, আল্লাহ তায়ালা চোখ, কান, অন্তর দেওয়ার পরও অন্ধ ও বধির হয়ে থাকে, নির্বোধ হয়ে থাকে, তখন মানুষ হয় সবচেয়ে নিকৃষ্ট। ওই ব্যাক্তি মানুষের মধ্যে তো বটেই চতুষ্পদ জন্তুর চেয়ে ও নিকৃষ্ট।
এ ব্যাপারে আল্লাহ বলেন,
“আর অবশ্যই আমি সৃষ্টি করেছি জাহান্নামের জন্য বহু জ্বিন ও মানুষকে। তাদের রয়েছে অন্তর, তা দ্বারা তারা বোঝে না; তাদের রয়েছে চোখ, তা দ্বারা তারা দেখে না এবং তাদের রয়েছে কান, তা দ্বারা তারা শোনে না। তারা চতুষ্পদ জন্তুর মত; বরং তারা অধিক পথভ্রষ্ট। তারাই হচ্ছে গাফেল।” (সূরা আ’রাফ : ১৭৯)
আল্লাহ তায়ালা জাহান্নামের জন্য সৃষ্টি করেছেন এই অর্থ এই নয় যে বিনা কারণে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করার জন্য সৃষ্টি করা হয়েছিল বরং তারা নিজেদের কাজের জন্য জাহান্নামের উপযুক্ত।
কুরআনের আরেকটি আয়াতেও এ ধরনের ব্যক্তিদের নিয়ে আল্লাহ তায়ালা বলেন,
“হে মুমিনগণ, তোমরা আল্লাহ ও তাঁর রাসূলের আনুগত্য কর এবং তার থেকে মুখ ফিরিয়ে নিও না, অথচ তোমরা শুনছ। আর তোমরা তাদের মত হয়ো না, যারা বলে আমরা শুনেছি অথচ তারা শোনে না। নিশ্চয়ই আল্লাহর কাছে নিকৃষ্টতম বিচরণশীল প্রাণী হচ্ছে বধির, বোবা, যারা বোঝে না।” (সূরা আনফাল : ২২)
অর্থাৎ আল্লাহর সৃষ্টিকুলের মধ্যে সেসব মানুষই সবচেয়ে নিকৃষ্ট, যারা সত্য ও ন্যায় শ্রবণের ব্যাপারে বধির এবং তা গ্রহণ করার ব্যাপারে বোবা হয়ে থাকে কারণ আল্লাহ তায়ালা তাদেরকে সত্য জানা ও সে পথে চলার জন্য চোখ ও কান দিয়েছিলেন কিন্তু তারা সেগুলো কাজে লাগায়নি।
বিবিএন ২৮ ডিসেম্বর / অচ