সিংড়ায় মসজিদের সিঁড়িতে মুসল্লিকে গুলি
নাটোরের সিংড়ায় নামাজ পড়তে মসজিদে প্রবেশের সময় ওসমান গনি বাবু (৫২) নামের এক মুসল্লিকে গুলি করার অভিযোগ উঠেছে। শনিবার (১ ফেব্রুয়ারি) ভোর ৬টার দিকে ১০নং চৌগ্রাম ইউনিয়নের চৌগ্রাম পারুহারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহত ওসমান গনি বাবুকে পরিবারের লোকজন উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। গনি ওই এলাকার মৃত আব্দুল প্রামাণিকের ছেলে।
ভাতিজা আলাল চৌধুরী জানান, তার চাচা নিজ বাড়ি থেকে ফজরের নামাজ পড়ার উদ্দেশ্য তার বাড়ির পাশে মসজিদের উদ্দেশ্য বের হন। মসজিদে সিঁড়িতে উঠতেই কে বা কারা তাকে পিছন থেকে গুলি করে। গুলিটি তার কোমরের পেছনে বাম পাশে লাগে। সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। এতে তিনি গুরুতর আহত হন। পরবর্তীতে তার আত্মীয়-স্বজন চিকিৎসার জন্য সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। বর্তমানে ওসমান গনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
তিনি আরও জানান, কী কারণে তার চাচাকে গুলি করা হয়েছে তা তারা বুঝতে পারছেন না।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসমাউল হক গণমাধ্যমকে জানান, সকালে চৌগ্রাম মসজিদে গুলির ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং বিভিন্ন জনকে জিজ্ঞাসাবাদ করেন। এখন পর্যন্ত ভিকটিম বা তার পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনব।
তিনি আরও জানান, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভিকটিমের শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়া হচ্ছে। তিনি বর্তমানে অনেকটা ভালো আছেন।