ট্রেনের ধাক্কায় ট্রাকচালক-হেলপার নিহত
দিনাজপুরের বিরামপুরে একতা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় পাথরবোঝাই ট্রাকের চালক ও হেলপার নিহত হয়েছেন।
রোববার (২ ফেব্রুয়ারি) রাত ১টার দিকে বিরামপুরের ঘোড়াঘাট লেভেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমতাজুল হক বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- ট্রাকের চালক পঞ্চগড় সদর উপজেলার মাহাবুব হোসেন (৪৫) ও হেলপার তেঁতুলিয়া উপজেলার ভজনপুর গ্রামের আশরাফুল ইসলামের ছেলে আরিফ হোসেন (১৮)।
পুলিশ জানায়, পঞ্চগড় থেকে আসা একটি পাথরবোঝাই ট্রাক রাতে বিরামপুরের ঘোড়াঘাট রেলগেট ক্রসিং পার হচ্ছিল। এ সময় ঢাকাগামী আন্তঃনগর একতা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ট্রাকটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাকের হেলপার আারিফ নিহত হন। আর গুরুতর আহত হন চালক মাহাবুব হোসেন। চালক মাহাবুবকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা জানান, লেভেল ক্রসিংয়ের দায়িত্বে থাকা গেটম্যান রেলগেটে হাতল ফেলে না রাখায় এ দুর্ঘটনা ঘটেছে। গেটম্যানের অসচেতনতার কারণে এমন দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর থেকে গেটম্যান পলাতক। দুর্ঘটনার খবর পেয়ে পার্বতীপুর রেলওয়ে থানার ওসি ফখরুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে পর্যবেক্ষণ করেছেন।
এদিকে দুর্ঘটনার কারণে রাতে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ থাকলেও ভোর থেকে স্বাভাবিক রয়েছে। তবে রাস্তার ওপর ট্রাকটি পড়ে থাকায় দীর্ঘ যানজট সৃষ্টি হয়। এ কারণে দিনাজপুর-ঢাকা রুটে যানবাহন চলাচল বেলা ১২টা পর্যন্ত বন্ধ ছিল। পাথরসহ ট্রাকটি রাস্তা থেকে সরানো হয়েছে।
হিলি হাকিমপুর রেলওয়ের সহকারি প্রকৌশলী গোলাম মোস্তফা গণমাধ্যমকে জানান, গেটম্যানের অসচেতনতার কারণে এমন দুর্ঘটনা ঘটছে। গেটম্যানকে শোকজ করা হয়েছে।