মরক্কোতে যৌথ মহড়া থেকে মার্কিন দুই সৈন্য নিখোঁজ

Two soldiers missing
অনলাইন ডেস্ক ০৩ মে ২০২৬ ০৭:৫২ অপরাহ্ন বিশ্ব/আন্তর্জাতিক
অনলাইন ডেস্ক ০৩ মে ২০২৬ ০৭:৫২ অপরাহ্ন
মরক্কোতে যৌথ মহড়া থেকে মার্কিন দুই সৈন্য নিখোঁজ
--সংগৃহীত ছবি

উত্তর আফ্রিকার দেশ মরক্কোতে সামরিক এক মহড়ায় অংশ নেওয়া মার্কিন সামরিক বাহিনীর অন্তত দুই সদস্য নিখোঁজ হয়েছেন। রোববার মার্কিন আফ্রিকা কমান্ড (আফ্রিকম) ও  মরক্কোর রয়্যাল আর্মড ফোর্সেসের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, মরক্কোর দক্ষিণের তান তান শহরের কাছে যৌথ সামরিক মহড়া ‘আফ্রিকান লায়নে’ অংশ নেওয়া দুই মার্কিন সেনা নিখোঁজ হয়েছেন। উভয় বাহিনী বলেছে, কেপ ড্রা প্রশিক্ষণ কেন্দ্রের কাছ থেকে নিখোঁজ হওয়া ওই সেনাসদস্যদের খুঁজে বের করতে অভিযান শুরু হয়েছে।

একযোগে শুরু হওয়া এই তল্লাশি ও উদ্ধার অভিযানে যুক্তরাষ্ট্র, মরক্কো এবং অন্যান্য অংশীদার দেশগুলো অংশ নিয়েছে। অভিযানে স্থল, আকাশ এবং নৌপথের সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর আফ্রিকা কমান্ড বলেছে, নিখোঁজ ওই সেনা সদস্যের খোঁজে বর্তমানে তদন্ত ও অনুসন্ধান কার্যক্রম চলছে। গত ২ মে আটলান্টিক মহাসাগরের তীরবর্তী তান তান শহরের কাছে কেপ ড্রা প্রশিক্ষণ এলাকায় ওই ঘটনা ঘটে।

এপ্রিলে শুরু হওয়া এই বার্ষিক সামরিক মহড়া তিউনিসিয়া, ঘানা এবং সেনেগালসহ চারটি দেশে একযোগে পরিচালিত হচ্ছে। চলতি মে মাসের শুরুর দিকেই এই মহড়া শেষ হওয়ার কথা রয়েছে।

২০০৪ সাল থেকে নিয়মিত ‘আফ্রিকান লায়ন’ সামরিক মহড়া অনুষ্ঠিত হয়ে আসছে। আফ্রিকা মহাদেশে পরিচালিত মার্কিন বৃহত্তম বার্ষিক যৌথ এই সামরিক মহড়ায় সাধারণত যুক্তরাষ্ট্র এবং তাদের প্রধান আফ্রিকান মিত্র দেশগুলোর উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারা অংশ নেন।

মার্কিন সামরিক কর্মকর্তারা বলেছেন, এই বহুজাতিক মহড়া আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতা শক্তিশালী ও বৈশ্বিক সংকট মোকাবিলায় অংশগ্রহণকারী বাহিনীগুলোর সক্ষমতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করে।