এডিপি অনুমোদন ।। ২ লাখ ৬৫ হাজার কোটি টাকার

ADP approval
অনলাইন ডেস্ক : ১৭ মে ২০২৪ ১২:০৫ পূর্বাহ্ন শীর্ষ খবর
অনলাইন ডেস্ক : ১৭ মে ২০২৪ ১২:০৫ পূর্বাহ্ন
এডিপি অনুমোদন ।। ২ লাখ ৬৫ হাজার কোটি টাকার
এডিপি অনুমোদন ।। ২ লাখ ৬৫ হাজার কোটি টাকার

জাতীয় অর্থনৈতিক পরিষদের সভায় বৃহস্পতিবার ২০২৪-২৫ অর্থবছরের জন্য দুই লাখ ৬৫ হাজার কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি অনুমোদন করা হয়েছে। এই কর্মসূচি অনুমোদনকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীতে উপজেলাভিত্তিক প্রকল্প থেকে সরে এসে জেলাভিত্তিক প্রকল্প প্রণয়নের নির্দেশ দিয়েছেন। সেই সঙ্গে তিনি বৈদেশিক ঋণ ও অনুদাননির্ভর প্রকল্প বাস্তবায়নেও বিশেষ নজর দেওয়ার নির্দেশ দিয়েছেন।

বৈদেশিক ঋণনির্ভর প্রকল্প বাস্তবায়নে বাড়তি পরিশ্রম করার নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, যেসব প্রকল্পে বৈদেশিক ঋণ ও অনুদান আছে সেগুলো বাস্তবায়নে বিশেষ নজর দিতে হবে। এ ছাড়া প্রতি তিন মাস পর পর এসব প্রকল্পের অগ্রগতি সম্পর্কে একনেকে প্রতিবেদন দিতে হবে।

 বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী আব্দুস সালাম বলেন, আমরা যে বৈদেশিক ঋণ নিচ্ছি সেগুলো বিচার বিশ্লেষণ করেই নেওয়া হয়। আগের মতো সুতা লাগানো (শর্ত দেওয়া) ঋণ নেওয়া হয় না। ঋণ দিয়ে এটা করতে হবে ওটা করতে হবেÑ এসব থাকলে আমরা সে ঋণ নেই না।

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘উপজেলা পর্যায়ে প্রকল্পের সমন্বয় থাকে না। দেখা যায় অনেক উপজেলায় একাধিক প্রকল্প, আবার অনেক উপজেলা অবহেলিত থাকে। এতে উপজেলাগুলোতে সম উন্নয়ন হয় না। এটা বন্ধ করতেই জেলাভিত্তিক প্রকল্প হাতে নেব যাতে উন্নয়ন সমভাবে বণ্টন হয়। এখন থেকে জেলাভিত্তিক উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হবে।’ এ ছাড়া গ্রামীণ অবকাঠামো ও স্বাস্থ্য খাতের উন্নয়নকেও গুরুত্ব দেওয়া হবে বলে তিনি জানান। 

তিনি জানান, প্রকল্প বাস্তবায়নের দক্ষতা বাড়াতে প্রকল্প পরিচালকরা প্রশিক্ষণ নিয়ে যেন একই স্থানে কাজে যোগ দিতে পারেন এনইসি সভায় সে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘প্রকল্পের শুরুতেই সম্ভাব্যতা সমীক্ষা সঠিকভাবে করতে হবে। সে জন্য যেসব প্রতিষ্ঠান সম্ভাব্যতা সমীক্ষার কাজ করে তাদের নিবন্ধন সম্পন্ন করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

তিনি আরও বলেন, ‘যেসব সরকারি কর্মকর্তা নানা সময়ে বিদেশে প্রশিক্ষণে যান, সেখান থেকে ফেরার পর তাদের প্রশিক্ষণের ধরন অনুযায়ী প্রকল্পে নিয়োগের অনুশাসনও দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’

বৃহস্পতিবার নগরীর পরিকল্পনা মন্ত্রণালয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে আগামী ২০২৪-২৫ অর্থবছরের উন্নয়ন বাজেট অনুমোদন দেওয়া হয়। 

নতুন এডিপিতে বরাদ্দের দিক থেকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে পরিবহন ও যোগাযোগ খাতকে। মোট এডিপির প্রায় ২৭ শতাংশ বা ৭১ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে এ খাতে। রাজধানীর নতুন মেট্রোরেল প্রকল্প, পদ্মা রেল সেতুসহ গুরুত্বপূর্ণ চলমান বেশকিছু প্রকল্প রয়েছে খাতটিতে। এসব প্রকল্প বরাদ্দের কারণে সার্বিকভাবে এ খাতের বরাদ্দ বেড়েছে।

নতুন এডিপিতে দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে বিদ্যুৎ ও জ্বালানি খাতে। এ খাতে বরাদ্দ রাখা হয়েছে প্রায় ৪১ হাজার কোটি টাকা বা মোট বরাদ্দের ১৫ শতাংশের বেশি। তৃতীয় সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে শিক্ষা খাতে। এ খাতে আগামী অর্থবছরের এডিপিতে বরাদ্দের পরিমাণ প্রায় সাড়ে ৩১ হাজার কোটি টাকা, যা মোট এডিপির প্রায় ১২ শতাংশ।

সভা শেষে পরিকল্পনা বিভাগের সিনিয়র সচিব সত্যজিৎ কর্মকার বিস্তারিত জানান। তিনি বলেন, ২০২৪-২৫ অর্থবছরে জন্য দুই লাখ ৬৫ হাজার কোটি টাকা বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) অনুমোদন দিয়েছে এনইসি। এর মধ্যে সরকারি তহবিল থেকে এক লাখ ৬৫ হাজার কোটি এবং বৈদেশিক ঋণ থেকে এক লাখ কোটি টাকা ব্যয়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। যা চলতি অর্থবছরের তুলনায় মাত্র দুই হাজার কোটি টাকা বেশি।

সিনিয়র সচিব আরও বলেন, আগামী অর্থবছরের জন্য এডিপিতে সরকারি ও বৈদেশিক সহায়তার বাইরেও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর নিজস্ব অর্থায়ন আছে ১৩ হাজার ২৮৬ কোটি ১৯ লাখ টাকা। সব মিলিয়ে ধরলে নতুন এডিপির আকার দাঁড়াবে দুই লাখ ৭৮ হাজার ২৮৬ কোটি ১৯ লাখ টাকা। আর ২০২৪-২৫ অর্থবছরে এডিপির আওতায় প্রকল্পের সংখ্যা ১৩২১টি।

সত্যজিত কর্মকার বলেন, চলতি অর্থবছরে ৩০ জুনের মধ্যে ৩৫৬টি প্রকল্প শেষ হবে, যা এযাবৎকালে সর্বোচ্চ। কোনো চিকিৎসক প্রকল্প পরিচালক হলে তাকে আলাদা প্রশিক্ষণ দিতে এনইসি সভায় প্রধানমন্ত্রী অনুশাসন দিয়েছেন। প্রকল্প পরিচালকদের প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, বৈদেশিক ঋণের প্রকল্প অন্তত তিন মাস পর্যালোচনা করতে হবে।

পাশাপাশি মানসম্পন্ন প্রতিষ্ঠান দিয়ে সমীক্ষা করতে হবে। আর প্রধানমন্ত্রীর অনুশাসন সম্পর্কে তিনি বলেন, বৈদেশিক ঋণের প্রকল্প দ্রুত শেষ করতে হবে। প্রশিক্ষণে যাওয়া কর্মকর্তাকে ওই বিশেষায়িত প্রকল্পে অন্তর্ভুক্ত করতে হবে।

আইএমইডি সচিব আবুল কাশেম মো. মহিউদ্দিন জানান, গত জুলাই থেকে এপ্রিল পর্যন্ত ১০ মাসে এডিপি বাস্তবায়ন হয়েছে ৪৯ দশমিক ২৬ শতাংশ। গত অর্থবছরের একই সময়ে এ হার ছিল ৫৫ দশমিক ৩৩ শতাংশ। এনইসি বৈঠকে সব সচিবদের সামনে এ তথ্য তুলে ধরে এডিপি বাস্তবায়ন হার বাড়ানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

 নতুন এডিপিতে বরাদ্দ প্রদানের ক্ষেত্রে বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় রেখে খাদ্য নিরাপত্তার লক্ষ্যে কৃষি, কৃষিভিত্তিক শিল্প, বিদ্যুৎ খাত, শ্রম-শক্তির দক্ষতা বৃদ্ধি, দারিদ্র্য হ্রাসকরণ সংক্রান্ত প্রকল্পে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি অর্জনের গতিশীলতা বজায় রাখা, কর্মসৃজনের আওতা সম্প্রসারণ এবং দারিদ্র্য বিমোচনে লক্ষ্যভিত্তিক কার্যক্রম গ্রহণের যে নীতি-কৌশল গ্রহণ করা হয়েছে, তা কার্যকরভাবে বাস্তবায়নে ২০২৪-২০২৫ অর্থবছরের এডিপি সহায়ক ভূমিকা পালন করবে বলে আশা করছে পরিকল্পনা মন্ত্রণালয়।

রূপপুর-মেট্রোরেলসহ ১০ প্রকল্পে বরাদ্দ ৫২ হাজার কোটি টাকা ॥ 

নতুন এডিপিতে এক হাজার ১৩৩টি প্রকল্প বাস্তবায়নে উন্নয়ন বাজেটে বরাদ্দ রাখা হয়েছে দুই লাখ ৬৫ হাজার কোটি টাকা। এসব প্রকল্পের মধ্যে ১০টি মেগা প্রকল্পের জন্য বরাদ্দ ধরা হয়েছে প্রায় ৫২ হাজার কোটি টাকা। সবচেয়ে বেশি বরাদ্দ রাখা হয়েছে প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচিতে।

এগুলোর মধ্যে রয়েছে- চতুর্থ প্রাথমিক শিক্ষা উনয়ন কর্মসূচি প্রকল্প, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, মাতারবাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র, ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে, মেট্রোরেল লাইন-১ প্রকল্প, পাওয়ার গ্রিডের নেটওয়ার্ক শক্তিশালীকরণ প্রকল্প এবং পদ্মা রেল ও বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্প। এসব প্রকল্পের মধ্যে সবচেয়ে বেশি বরাদ্দ পাচ্ছে প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৪) প্রকল্প।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এ প্রকল্পের জন্য আগামী অর্থবছরে বরাদ্দ রাখা হয়েছে ১১ হাজার ৫৬ কোটি টাকা। ২০১৮ সালে চতুর্থবারের মতো এই গুচ্ছ কর্মসূচি শুরু হয়। আগামী বছরের জুনের মধ্যে প্রকল্প শেষ করতে আগামী এডিপিতে এ বরাদ্দ দেওয়া হয়েছে। সব মিলিয়ে প্রকল্পটির আওতায় খরচ হবে ৩৮ হাজার ২৯১ কোটি টাকা।

দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ পাচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্প। এ প্রকল্পের জন্য বরাদ্দ রাখা হয়েছে ১০ হাজার ৫০২ কোটি টাকা। এ প্রকল্প বাস্তবায়নে ব্যয় হচ্ছে এক লাখ ১৩ হাজার ৯২ কোটি ৯১ লাখ টাকা। এখন পর্যন্ত খরচ হয়েছে ৭১ হাজার ৮৯ কোটি ৪০ লাখ টাকা।

তৃতীয় সর্বোচ্চ বরাদ্দ পাচ্ছে মাতারবাড়ী কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র।

এ প্রকল্পের জন্য বরাদ্দ রাখা হয়েছে ছয় হাজার পাঁচ কোটি টাকা। এরপরে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের জন্য বরাদ্দ ধরা হয়েছে তিন হাজার ৭৯৬ কোটি টাকা। ‘ঢাকা মাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট : মেট্রোরেল লাইন-১’ প্রকল্পের জন্য বরাদ্দ তিন হাজার ৫৯৪ কোটি টাকা।

এ ছাড়া পাওয়ার গ্রিডের নেটওয়ার্ক শক্তিশালীকরণ প্রকল্পের জন্য বরাদ্দ রাখা হয়েছে তিন হাজার ৫৫৫ কোটি টাকা, পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পে বরাদ্দ তিন হাজার ৫৪৪ কোটি, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ (প্রথম পর্যায়) প্রকল্পের জন্য তিন হাজার ৫৩৫ কোটি, এক্সপানশন অ্যান্ড স্ট্রেনদেনিং অব পাওয়ার সিস্টেম নেটওয়ার্ক আন্ডার ডিপিডিসি এরিয়া শীর্ষক প্রকল্পের জন্য তিন হাজার ৩৮৪ কোটি এবং পাঁচটি হাসপাতাল ৫০০ শয্যা উন্নীতকরণ প্রকল্পে বরাদ্দ রাখা হয়েছে তিন হাজার কোটি টাকা।

এডিপিতে সর্বোচ্চ বরাদ্দপ্রাপ্ত ১০টি খাত ॥ নতুন এডিপিতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে পরিবহন ও যোগাযোগ খাতে। এই দুই কাতে বরাদ্দ দেয়া হয়েছে ৭০ হাজার ৬৮৭ কোটি ৭৫ লাখ টাকা (২৬.৬৭ শতাংশ)। দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ দেয়া হয়েছে বিদ্যুৎ ও জ্বালানি খাতে। এ খাতে বরাদ্দ দেয়া হয়েছে ৪০ হাজার ৭৫১ কোটি ৮৬ লাখ টাকা (১৫.৩৮ শতাংশ)।

এ ছাড়া তৃতীয় সর্বোচ্চ বরাদ্দ দেয়া হয়েছে শিক্ষা খাতে। এ খাতে বরাদ্দ দেওয়া হয়েছে ৩১ হাজার ৫২৮ কোটি ৬০ লাখ টাকা (১১.৩৬ শতাংশ)। 

তা ছাড়া গৃহায়ন ও কমিউনিটি সুবিধাবলি খাতে ২৪ হাজার ৮৬৮ কোটি ৩ লাখ টাকা (৯.৩৮ শতাংশ); স্বাস্থ্য খাতে ২০ হাজার ৬৮২ কোটি ৮৮ লাখ টাকা (৭.৮০ শতাংশ); স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন খাতে ১৭ হাজার ৯৮৬ কোটি ২১ লাখ টাকা (৬.৭৯ শতাংশ); কৃষি খাতে ১৩ হাজার ২১৯ কোটি ৫৯ লাখ টাকা (৪,৯৯ শতাংশ); পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও পানিসম্পদ খাতে ১১ হাজার ৮৯ কোটি ৪৩ লাখ টাকা (৪.১৮ শতাংশ); শিল্প ও অর্থনৈতিক সেবা খাতে ৬ হাজার ৪৯২ কোটি ১৮ লাখ টাকা (২.৪৫ শতাংশ) এবং বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি : ৪ হাজার ৭৮৬ কোটি ৯২ লাখ টাকা (১.২৫ শতাংশ)।

সর্বোচ্চ বরাদ্দপ্রাপ্ত ১০টি মন্ত্রণালয় ॥ 

মন্ত্রণালয়ভিত্তিক সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে স্থানীয় সরকার বিভাগে। এই বিভাগে বরাদ্দ দেওয়া হয়েছে ৩৮ হাজার ৮০৮ কোটি ৮৮ লাখ টাকা। দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে। এ বিভাগে বরাদ্দ দেওয়া হয়েছে ৩২ হাজার ৪২ কোটি ৪৩ লাখ টাকা। তৃতীয় সর্বোচ্চ বরাদ্দ পেয়েছে বিদ্যুৎ বিভাগ। এ বিভাগের বরাদ্দ হচ্ছে ২৯ হাজার ১৭৬ কোটি ৭০ লাখ টাকা।

এ ছাড়া প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে ১৬ হাজার ১৩৫ কোটি ৫২ লাখ টাকা; স্বাস্থ্য সেবা বিভাগে ১৩ হাজার ৭৪১ কোটি ৩৩ লাখ টাকা; রেলপথ মন্ত্রণালয়ে ১৩ হাজার ৭২৫ কোটি ৬৪ লাখ টাকা; বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে ১২ হাজার ৮৮৬ কোটি ৭০ লাখ টাকা;  মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে ১১ হাজার ৩৮৭ কোটি ৬৯ লাখ টাকা; নৌ-পরিবহন মন্ত্রণালয়ে ১০ হাজার ৩৭৩ কোটি ৪৫ লাখ টাকা এবং পানিসম্পদ মন্ত্রণালয়ে ৮ হাজার ৬৮৭ কোটি ৯ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।