রুয়েটে সাংবাদিক ক্লাব "রুয়েট রিপোর্টার্স ইউনিটি" এর সূচনা

"Route Reporters Unity"
নিজস্ব প্রতিবেদক: ১৩ ডিসেম্বর ২০২৪ ০৪:১৫ অপরাহ্ন শিক্ষা
নিজস্ব প্রতিবেদক: ১৩ ডিসেম্বর ২০২৪ ০৪:১৫ অপরাহ্ন
রুয়েটে সাংবাদিক ক্লাব "রুয়েট রিপোর্টার্স ইউনিটি" এর সূচনা
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) নতুন সাংবাদিক ক্লাব হিসেবে "রুয়েট রিপোর্টার্স ইউনিটি" গত ১৯ আগস্ট আত্মপ্রকাশ করেছে।

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) নতুন সাংবাদিক ক্লাব হিসেবে "রুয়েট রিপোর্টার্স ইউনিটি" গত ১৯ আগস্ট আত্মপ্রকাশ করেছে। 

জুলাই বিপ্লবের পর দেশের কাঠামোতে পরিবর্তনের পাশাপাশি বিশ্ববিদ্যালয়গুলোতেও লেগেছে পরিবর্তনের ছোঁয়া। রুয়েটও তার ব্যতিক্রম না। বিগত ১৯ আগস্ট, ২০২৪ তারিখে আনুষ্ঠানিকভাবে রুয়েটে সর্বপ্রথম সাংবাদিক ক্লাব হিসেবে "রুয়েট রিপোর্টার্স ইউনিটি" যাত্রা শুরু করে। ক্লাবটির প্রতিষ্ঠা রুয়েটে সংবাদ প্রচার ও প্রকাশের এক অনন্য দ্বার উন্মোচন করেছে। রুয়েট কেন্দ্রিক খবরাখবর আজ জনসাধারণের দ্বারপ্রান্তে পৌঁছে যাচ্ছে। 

আটজন কার্যনির্বাহী সদস্য বিশিষ্ট ক্লাবটিতে সভাপতি হিসেবে আছেন রুয়েটের ২০১৯-২০ শিক্ষাবর্ষের তড়িৎ ও কম্পিউটার কৌশল বিভাগের শিক্ষার্থী মোঃ মাঈন উদ্দীন এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন একই বিভাগের শিক্ষার্থী মাহবুব উজ জামান। সহ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন ২০১৯-২০ শিক্ষাবর্ষের যন্ত্রকৌশল বিভাগের শিক্ষার্থী আহনাফ জামান জারিফ। 

রুয়েট রিপোর্টার্স ইউনিটি- এর আগমনকে অভিনন্দন জানিয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক ড. মোঃ রবিউল ইসলাম সরকার বলেন, "রুয়েটে সাংবাদিক ক্লাবের সূচনাকে আমরা সাদুবাদ জানাই। আমরা আনন্দিত যে রুয়েটের শিক্ষার্থীরা সাংবাদিকতার মতো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে আগ্রহ দেখাচ্ছে। এসব কাজ তাদের জানার পরিধিকে আরো শাণিত করবে। রুয়েট নিয়ে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে রুয়েটকে জাতীয় এবং আন্তর্জাতিক পরিমন্ডলে এ বিশ্ববিদ্যালয়ের অর্জনগুলোকে তুলে ধরবে এই  প্রত্যাশা করি। পরিশেষে  রুয়েট রিপোর্টার্স ইউনিটির জন্য শুভকামনা জানাই।"

ক্লাবটির সভাপতি মোঃ মাঈন উদ্দীন বলেন, "রুয়েটের মতো ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও অন্যান্য খাতের অর্জনগুলো সাধারণত খুব বেশি মিডিয়া ফোকাস পেতনা আগে। সেই জায়গায় সাংবাদিক হিসেবে সততা ও নিষ্ঠার সাথে বৃহৎ পরিমন্ডলে রুয়েটের প্রতিনিধিত্ব করার চ্যালেঞ্জটি গ্রহণ করে আমরা সত্যিই গর্বিত। নতুন পথচলায় সকলের সহযোগিতা কামনা করছি।"

এছাড়া ক্লাবটির সাধারণ সম্পাদক মাহবুব উজ জামান বলেন, "আমি অত্যন্ত গর্বিত এবং আনন্দিত যে রুয়েট রিপোর্টার্স ইউনিটিতে কাজ করার সুযোগ পেয়েছি। আমাদের এই সংগঠনটি প্রতিষ্ঠার মূল লক্ষ্য হলো ছাত্রদের মাঝে সাংবাদিকতার প্রতি আগ্রহ সৃষ্টি করা এবং একটি সুস্থ সংবাদ পরিবেশ নিশ্চিত করা। ইতিমধ্যে আমরা অন্যান্য বিশ্ববিদ্যালের সাংবাদিক ক্লাব এবং পত্র-পত্রিকার সাংবাদিকদের সাথে সরাসরি কাজ করার সুযোগ পেয়েছি। আমার বিশ্বাস, সাংবাদিকতার মাধ্যমে আমরা শিক্ষার্থী, শিক্ষক এবং কর্মচারীর মধ্যে একটি সেতুবন্ধন তৈরি করতে পেরেছি। এই সংযোগ শুধু ক্যাম্পাসের ভেতরেই সীমাবদ্ধ নয় বরং রুয়েটের গৌরব ও কৃতিত্বকে বহির্বিশ্বের সাথেও যুক্ত করতে আমরা সক্ষম হয়েছি। আমাদের এই পথচলাকে আরো সমৃদ্ধ করতে সকলের আন্তরিক সহযোগিতা ও ভালোবাসা একান্ত কাম্য।"

জন্মলগ্নের পর থেকেই 'রুয়েট রিপোর্টার্স ইউনিটি' রুয়েটের প্রথম ও একমাত্র সাংবাদিক ক্লাব হিসেবে প্রতিনিয়ত রুয়েট কেন্দ্রিক খবরাখবর প্রকাশ করে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে ও বাইরে রুয়েট কেন্দ্রিক সংবাদ প্রচার ও প্রসারে তারা বদ্ধ পরিকর।