প্রাথমিক বিদ্যালয়ের কর্মঘণ্টা বাড়তে পারে
দেশের সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে কর্মঘণ্টা বাড়াতে অন্তর্বর্তী সরকারকে সুপারিশ করবে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন পরামর্শক কমিটি। আর এটি পাস হলে প্রাথমিক বিদ্যালয়ের কর্মঘণ্টা বাড়তে পারে।
গত ৩০ সেপ্টেম্বর প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে প্রয়োজনীয় সুপারিশ দিতে ৯ সদস্যের কমিটি গঠন করা হয়। এতে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক মনজুর আহমেদকে প্রধান করা হয়। আগামী বছরের জানুয়ারির প্রথম দিকে কর্মঘণ্টা বাড়ানোসহ সামগ্রিক বিষয়ে একটি সুপারিশ করবে কমিটি।
কমিটির সদস্যরা জানান, দেশের ৮০ শতাংশ প্রাথমিক বিদ্যালয় দুই শিফটে চলে। প্রাথমিক বিদ্যালয়ের শিখন ঘণ্টাও পৃথিবীর অন্য যেকোনো দেশের তুলনায় অনেক কম। কর্মঘণ্টা বাড়াতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের সুপারিশ করবেন তারা।
অপরদিকে, প্রাথমিক শিক্ষকরা দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের কর্মঘণ্টা কমিয়ে ৫ ঘণ্টা করার দাবি জানিয়ে আসছেন। সবশেষ গত ১৯ ডিসেম্বর জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে প্রাথমিক বিদ্যালয়ের কর্মঘণ্টা কমানোর দাবি জানান প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ।
পরামর্শক কমিটির প্রধান ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. মনজুর আহমেদ গণমাধ্যমকে বলেন, ‘শিক্ষার্থীর শেখার ক্ষেত্রে যে বিরাট ঘাটতি থেকে যাচ্ছে, সেটি কীভাবে পূরণ করা যায়, তা আমরা গুরুত্বসহকারে দেখছি। শিক্ষক-কর্মকর্তাদের সুযোগ-সুবিধা ও শেখার ঘাটতি সমন্বিতভাবে উন্নতিতে কমিটি কাজ করছে। শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের নানান দাবি-দাওয়া আছে। আমরা সুপারিশ করবো, সেখান থেকে কতটুকু বাস্তবায়ন করা হবে সেটা সরকার জানে।