আলোর পাঠশালায় উৎসবমূখর পরিবেশে তিন দিনব্যাপী স্কাউট প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত

A three-day scout training camp was held
অনলাইন ডেস্ক : ২৫ জানুয়ারি ২০২৫ ০২:৩৪ অপরাহ্ন শিক্ষা
অনলাইন ডেস্ক : ২৫ জানুয়ারি ২০২৫ ০২:৩৪ অপরাহ্ন
আলোর পাঠশালায় উৎসবমূখর পরিবেশে তিন দিনব্যাপী স্কাউট প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত
আলোর পাঠশালায় উৎসবমূখর পরিবেশে তিন দিনব্যাপী স্কাউট প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত

তিন দিনের স্কাউট প্রশিক্ষণ ক্যাম্প কর্মসুচিতে উৎসবের আনন্দে মেতেছিল বরেন্দ্রভূমির গহিনে রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় বাবুডাইং আলোর পাঠশালার শিক্ষার্থীরা। শুক্রবার রাতে জমকালো তাবু জলশায় শিক্ষার্থীদের সঙ্গে আনন্দে মেতেছিল বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী ও গ্রামের নারী-পুরুষেরাও। তাবু জলশায় ক্যাম্প ফায়ারের আগুনের সঙ্গে শিক্ষার্থীদের সাংস্কৃতিক আয়োজন উষ্ণতা ছড়িয়েছে সবার মনে। এই আনন্দযজ্ঞে অংশগ্রহণকারীদের তীব্র শীতকে আর শীত মনে হয়নি গভীর রাত পর্যন্ত। বৃহস্পতিবার বিকেল থেকে শুরু হয় স্কাউট প্রশিক্ষণ ক্যাম্প। অংশ নেয়া একশ' ছাত্রছাত্রী দুইরাত তাবু বাস করে শনিবার দুপুরে আনন্দময় স্মৃতি সঙ্গে নিয়ে বাড়ি ফেরে শিক্ষার্থীরা।


বাড়ি ফেরার পূর্বে শারীরিক কসরত করানো হয়। এরপর পতাকা নামানো ও সমাপনি সমাবেশে শিক্ষার্থীদের বিভিন্ন দিক নির্দেশনা দেয়া হয়। এসময় শিক্ষার্থীদের স্কাউট আইন, দেশ প্রেম, সততার সঙ্গে জীবন পরিচালনা, বড়দের শ্রদ্ধা-সম্মান প্রদর্শন ও ছোটদের ভালোবাসা দেয়া, আত্মমর্যাদার সঙ্গে কাজ করার জন্য উপদেশ দেয়া হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী উজ্জামান নূর জানান, প্রথম আলো ট্রাস্ট পরিচালিত বাবুডাই আলোর শিক্ষার্থীদের স্কাউট শিক্ষায় উদ্বুদ্ধকরণ ও সামাজিক ভীতি দূর করতে তিন দিনব্যাপী এ স্কাউট প্রশিক্ষণ ক্যাম্পের আয়োজন করা হয়। গত বৃহস্পতিবার দুপুর থেকে শনিবার দুপুর পর্যন্ত (২৩ থেকে ২৫ জানুয়ারি) অনুষ্ঠিত এ ক্যাম্পে ১০০ শিক্ষার্থী অংশ নেয়। ক্যাম্পে শিক্ষার্থীদের নিয়ে হিল ট্র্যাকিং, স্মৃতি পরীক্ষা, স্পাইডার জাম্প, পোল মাংকি ব্রিজ অতিক্রম, রোপ মাংকি ব্রিজ অতিক্রম, এরিয়েল রানওয়ে, সুইং স্টেপ, ভ্যালি ক্রসিং, নেট ক্রলিং, কমান্ডো ব্রিজ, তীর নিক্ষেপ, হাঁড়ি ভাঙ্গা চ্যালেঞ্জের আয়োজন করা হয়। এছাড়া ক্যাম্প ফায়ার ও তাবু জলসা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বৃহস্পতিবার দুপুরে কাব ও স্কাউট পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এ ক্যাম্পের উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা মো. সুজারুদ্দিন। পতাকা উত্তোলন করেন স্কাউটার ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী উজ্জামান নূর এবং স্কাউট লিডার অত্র বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সাঈদ মাহমুদ। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন, বাবুডাইং আলোর পাঠশালার বিদ্যালয় পরিচালনা কমিটির (এসএমসি) সভাপতি জহিরুল ইসলাম কৃষ্ণগোবিন্দপুর ডিগ্রী কলেজের গ্রন্থাগারিক আমিনুল ইসলাম প্রমূখ।

উদ্বোধনী অনষ্ঠানের পর উপদল বন্টন করে সমাবেশ অনুষ্ঠিত হয়। এরপর শিক্ষার্থীদের নিয়ে তীর নিক্ষেপ, হাঁড়ি ভাঙ্গা খেলার আয়োজন করা হয়। সন্ধ্যায় তাবু কলা বিষয়ে পাঠদান করা হয়। এসময় শিক্ষার্থীরা উপদল ভিত্তিক কাপড় দিয়ে আটটি তাবু খাটিয়ে নিজেদের আবাসন তৈরি করে। এছাড়া সকল উপদলগুলি নিজ দলের সদস্যদের নিয়ে রান্না করে। এরপর তাবু জলসার মহড়া শেষে ঘুমাতে যায়।


পরদিন সকালে প্রাতরাশ শেষে শিক্ষার্থীদের নিয়ে এরোবিক্সের (বিভিন্ন কসরত) আয়োজন করা হয়। এরপর সকলে উপদলভিত্তিক খাবার উপকরণ সংগ্রহ করে নিজ নিজ তাবুতে গিয়ে রান্নার আয়োজন করে। খাবার শেষে শিক্ষার্থীদের নিয়ে স্পাইডার জাম্প, পোল মাংকি ব্রিজ, রোপ মাংকি ব্রিজ, এরিয়েল রানওয়ে, সুইং স্টেপ, ভ্যালি ক্রসিং, নেট ক্রলিং, কমান্ডো ব্রিজ চ্যালেঞ্জসমূহে অংশ নেয়। দুপুরে খাবার বিরতির পর হিল ট্র্যাকিংয়ে অংশ নেয় দলগুলো। সকলে সারিবদ্ধভাবে নিয়ম মেনে ট্র্যাকিংয়ে অংশ নেয়। ট্র্যাকিংয়ে অংশ নিয়ে শিক্ষার্থীরা সরিষার খেত, ছোট ছোপ-ঝাড়, ছোট বন, ছোট ছোট টিলা, খাড়ি, ফসলি জমির আইল পাড়ি দেয়। এসময় প্রায় ছয় কিলোমিটার পথ পাড়ি দেয় তারা। ট্র্যাকিং শেষে বিদ্যালয় প্রাঙ্গণে উপদল ভিত্তিক স্মৃতি পরীক্ষার আয়োজন করা হয়। এতে ট্র্যাকিংপথে তারা যা দেখেছে তা নির্ণয় করার চেষ্টা করে। এরপর অগ্নিকান্ডের ঘটনা ঘটলে তা মোকাবেলা, দুর্গতদের উদ্ধার ও আগুন নেভানোর কৌশল শিক্ষার্থীদের শেখানো হয়। এসব কার্যক্রম দেখতে ভিড় করেন অভিভাবকবৃন্দ ও এলাকার মানুষজন।

এসব চ্যালেঞ্জ চলাকালে ক্যাম্প পরিদর্শনে আসেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শফিউল আজম, মহাডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, বাবুডাইং আলোর পাঠশালার অবসরপ্রাপ্ত প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক কানাই চন্দ্র দাস, আন্তর্জাতিক সংস্থা ফুড ফর দি হাংরির চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম কমিউনিটির চাইল্ড প্রমোটর রেনু হেমব্রম প্রমূখ।  

সন্ধ্যার পর জমকালো আয়োজনের মধ্য দিয়ে তাবু জলসা ও ক্যাম্প ফায়ার অনুষ্ঠিত হয়। তাবু জলসা অনুষ্ঠানের উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী উজ্জামান নূর। এসএমসি কমিটির সহসভাপতি কার্তিক টুডুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন গ্রাম্য মোড়ল সুরেন কোল টুডু, চানু হাসদা, গেনোদা মুরমু, প্রশিক্ষনার্থীদের মধ্যে মরিয়ম খাতুন। স্বাগত বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিনিয়র শিক্ষক সাঈদ মাহমুদ। এরপর শিক্ষার্থীরা সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করে।

এসময় প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে শিক্ষার্থী মরিয়ম খাতুন বলে, এ ক্যাম্পে আমরা আনন্দের সঙ্গেই শিক্ষালাভ করছি। আমরা সকল মেয়েরা একটি কক্ষে থাকছি। ক্ষুদ্র নৃগোষ্ঠী ও বাঙালি বা ধর্ম-বর্ণ-গোত্র নির্বিশেষে সকলে একসঙ্গে থাকছি, ঘুমাচ্ছি, খাচ্ছি, ঘুরছি, শিক্ষা লাভ করছি। আমাদের খুব ভালো লাগছে। মনেই হয় না, আমরা ভিন্ন ধর্মের বা ভিন্ন গোত্রের।

অন্যান্য বক্তারা বলেন, এ বিদ্যালয়ে এ ধরণের ক্যাম্প এবার দ্বিতীয়বারের মত অনুষ্ঠিত হলো। এ ক্যাম্পে সকলে স্বত:স্ফূর্তভাবে অংশ নিয়েছে। এসেছেন অভিভাবকসহ অন্যান্য গ্রামবাসীরাও। সকলেই অংশ নিচ্ছেন দেখে ভালো লাগছে। এ বিদ্যালয়টি যে সম্প্রীতির একটি বন্ধন তা বোঝাই যাচ্ছে।

পরদিন সকালে পুনরায় শারীরিক কসরত প্রদর্শন ও সমাবেশে অংশ নেয় শিক্ষার্থীরা। দুপুরে পতাকা নামানোর মধ্য দিয়ে ক্যাম্পের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।

পুরো ক্যাম্প পরিচালনা ও সফল করতে বিদ্যালয়ের সকল শিক্ষকদের পাশাপাশি সহায়তা করেন চাঁপাইনবাবগঞ্জ মুক্ত রোভার স্কাউট গ্রুপের রোভার স্কাউট লিডার হেলাল উদ্দিন শেখ নাসিম, রোভার মেহেদী হাসান, নাঈম ইসলাম, শাহাদাৎ হোসেন, সাব্বির আহমেদ ও মাহফুজ রহমান।