গণতান্ত্রিক যুক্তফ্রন্ট

জ্বালানি তেলের দাম বাড়ার সিদ্ধান্ত অগণতান্ত্রিক

Fuel price
অনলাইন ডেস্ক ০২ জুন ২০২৬ ১২:৫৭ অপরাহ্ন রাজনীতি
অনলাইন ডেস্ক ০২ জুন ২০২৬ ১২:৫৭ অপরাহ্ন
জ্বালানি তেলের দাম বাড়ার সিদ্ধান্ত অগণতান্ত্রিক
--সংগৃহীত ছবি

জ্বালানি তেলের দাম সমন্বয়ের নামে নির্বাহী আদেশে পুনরায় দাম বাড়ানোর সিদ্ধান্তকে গণবিরোধী ও অগণতান্ত্রিক আখ্যা দিয়ে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট। একই সঙ্গে অবিলম্বে জ্বালানি তেলের দাম কমানোর দাবি জানিয়েছে সংগঠনটি।

সোমবার (০১ জুন) সংবাদ মাধ্যমে বাসদের সহকারী সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতনের পাঠানো বিবৃতিতে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্টের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের নেতারা এসব কথা বলেন।

এতে তারা বলেন, ঈদের আগে প্রতি লিটার ডিজেলের দাম ১০০ টাকা থেকে ১১৫ টাকা, অকটেনের দাম ১২০ টাকা থেকে ১৪০ টাকা, পেট্রোলের দাম ১১৬ টাকা থেকে ১৩৫ টাকা এবং কেরোসিনের দাম ১১২ টাকা থেকে ১৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে আবারও জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত সাধারণ মানুষকে মূল্যস্ফীতির যাতাকলে আরও পিষ্ট করবে।

গত ১৯ ও ২০ মে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন গণশুনানির মাধ্যমে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে, যা জুন মাস থেকে কার্যকর করার ঘোষণা দেওয়া হয়েছে। অথচ ওই গণশুনানিতে অংশ নেওয়া ভোক্তা প্রতিনিধিরা দাম বাড়ানোর বিরোধিতা করেছিলেন।

বিবৃতিতে বলা হয়, বিদ্যুৎ ও জ্বালানি খাতের বিশেষজ্ঞদের মতে, রেন্টাল ও কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্রের ক্যাপাসিটি চার্জ বন্ধ এবং সিস্টেম লসের নামে দুর্নীতি ও অপচয় রোধ করা গেলে দাম বাড়ানোর প্রয়োজন নেই, বরং কমানো সম্ভব। কিন্তু সরকার সে পথে না গিয়ে বিদ্যুৎসহ বিভিন্ন জ্বালানি তেলের দাম বারবার বাড়াচ্ছে।

জ্বালানির তেলের দাম বৃদ্ধির প্রভাব শিল্প, কৃষি ও পরিবহনসহ সব খাতে পড়বে। এর ফলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম আরও বেড়ে সাধারণ মানুষের জীবনযাত্রা দুর্বিষহ হয়ে উঠবে। তাই নেতারা অবিলম্বে বিদ্যুৎ ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান।

বিবৃতিতে স্বাক্ষর করেন গণতান্ত্রিক যুক্ত ফ্রন্টের সমন্বয়ক ও বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, সিপিবির সভাপতি সাজ্জাদ জহির চন্দন, সিপিবির সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফি রতন, বাংলাদেশ জাসদের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া, বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ প্রমুখ।