চাঁপাইনবাবগঞ্জে জামায়াত প্রার্থী মিজানুর রহমানের ইশতেহার ঘোষণা
আসন্ন সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর- নাচোল- ভোলাহাট) আসনে বিপুল ভোটে বিজয়ী হবার প্রত্যয় ব্যক্ত করে নিজের নির্বাচনি ইশতেহার ঘোষণা করেছেন জামায়াত প্রার্থী এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতে নায়েবে আমির মিজানুর রহমান। বুধবার (৪ ফেব্রুয়ারি ) বেলা সাড়ে ১১টায় গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকার একটি কমিউনিটি সেন্টারে এ ইশতেহার ঘোষণা করেন।
ইশতেহারে তিনি উল্লেখ করেন, বিজয়ী হলে প্রধানত ১১টি খাতের আওতায় ৫৫ টি চিহ্নিত বিষয় নিয়ে কাজ করা হবে। চাঁপাইনবাবগঞ্জ ২ আসনের প্রতিটি ইউনিয়ন ও পৌরসভাকে সমৃদ্ধ, উন্নত, নিরাপদ বাসস্থান হিসেবে গঠনে সর্বোচ্চ প্রচেষ্টা করা হবে বলেও অঙ্গীকার করেন তিনি।
এছাড়া পানি ব্যবস্থাপনার উন্নয়ন, সড়ক ও যোগাযোগ অবকাঠামো শক্তিশালীকরণ, শিক্ষা ও স্বাস্থ্যখাতের আধুনিকায়ন এবং সাংস্কৃতিক বিকাশের কথাও ইশতেহারে উল্লেখ করা হয়। মহানন্দা নদীতে টেকসই বাঁধ নির্মাণ, নদীভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা গ্রহণসহ রেল যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নের ঘোষণাও এতে অন্তর্ভুক্ত রয়েছে।
জামায়াত নেতা মিজানুর রহমানের ইশতেহার ঘোষণার সময় আরও উপস্থিত ছিলেন- চাঁপাইনবাবগঞ্জ ২ আসনে জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ইয়াহিয়া খালেদ, জেলা কর্ম পরিষদ সদস্য তরিকুল ইসলাম বকুল, গোমস্তাপুর উপজেলা জামায়াতের আমির ইমামুল হোদা, কেন্দ্রীয় ছাত্র শিবিরের সমাজসেবা সম্পাদক আব্দুল মোহামেন, জেলা শিবিরের পূর্ব শাখা শিবির সভাপতি সালাউদ্দিন সোহাগ, ঢাকা পল্টন থানা জামায়াতে আমির মারফুল ইসলাম, নাচোল উপজেলা আমির ইয়াকুব আলী, রহনপুর পৌর আমির মনিরুল ইসলাম ডাবলুসহ জামায়াতের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।